ড্রেজিংয়ে ১,৫৮০ কোটি টাকা বরাদ্দের সুফল পাচ্ছেন নৌপথ-ফেরিরুটের যাত্রীরা: নৌপরিবহনমন্ত্রী

দেশের গুরুত্বপূর্ণ নৌপথ ও ফেরিরুট সচল রাখতে গত ১৫ বছরে নদী খনন বা ড্রেজিংয়ের জন্য প্রায় ১ হাজার ৫৮০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। এ অর্থে পরিচালিত সংরক্ষণ ড্রেজিংয়ের ফলে বিভিন্ন নৌপথে নৌযান চলাচল স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে। এর সুফল পাচ্ছেন যাত্রী ও নৌপথ ব্যবহারকারীরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানুর এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য তুলে ধরেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

মন্ত্রী জানান, ২০০৯-১০ থেকে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত ১৫ বছরে ড্রেজিংয়ের রাজস্ব খাতে বরাদ্দের পরিমাণ ছিল প্রায় ১ হাজার ৫৮০ কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় প্রতিবছর গড়ে প্রায় ১০৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এসব অর্থ দিয়ে বিভিন্ন নৌপথে সংরক্ষণ ড্রেজিং কার্যক্রম পরিচালিত হয়েছে। বরাদ্দের যথাযথ ব্যবহারের ফলে সংশ্লিষ্ট নৌপথগুলোতে যাত্রীদের চলাচল সুবিধা বেড়েছে বলে জানান তিনি।

সংসদে দেওয়া তথ্যে মন্ত্রী দেশের সচল থাকা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নৌপথ ও ফেরিরুটের কথা উল্লেখ করেন। এগুলোর মধ্যে রয়েছে আরিচা-কাজিরহাট-বাঘাবাড়ি, পটুয়াখালী-গলাচিপা, মৌলভীরহাট-চর দুর্গাপুর, ঢাকা-ঘোষেরহাট, বরিশাল-ভোলা এবং ঢাকা-ধুলিয়া-নুরাইনপুর-কালাইয়া-নাজিরপুর রুট।

এ ছাড়া ড্রেজিংয়ের আওতায় রয়েছে টেকেরঘাট-মোকশেদপুর, তুরাগ নদীর গাবতলী সেতু থেকে ধলেশ্বরী নদীর মুখ, মেগাই-নাটুয়ারপারা, গোপালপুর-মৈনটঘাট, ইলিশা-মজুচৌধুরীর হাট এবং সন্দ্বীপ-কুমিরা-বাঁশবাড়িয়া নৌপথ।

মন্ত্রী আরও জানান, চেয়ারম্যানঘাট-ভাসানচর, খুলনা-নোয়াপাড়া ও মোহনগঞ্জ-জাঞ্জাইল নৌপথ ও ফেরিরুট সচল রাখতেও সংরক্ষণ ড্রেজিং করা হয়েছে। পাশাপাশি নবীনগর ও গোপালপুর লঞ্চঘাটসহ দেশের বিভিন্ন নৌপথে নাব্যতা বজায় রাখতে এ কার্যক্রম পরিচালিত হয়েছে।