বাংলাদেশের কামব্যাকের পর বৃষ্টিতে গেলো দুই সেশন

জোহানেসবার্গে তৃতীয় দিনের লাঞ্চ বিরতির পর শুরু হয় শিলাবৃষ্টি। দীর্ঘ সময় অপেক্ষা করেও মাঠে খেলা ফেরানো সম্ভব হয়নি। দ্বিতীয় সেশনজুড়েই বৃষ্টির কারণে অপেক্ষা করতে হয় দুই দলকে। পরে সরাসরি চা বিরতি ঘোষণা করা হলেও বৃষ্টি না থামায় তৃতীয় সেশনের শুরুতেই দিনের খেলা সমাপ্ত ঘোষণা করেন আম্পায়াররা।

তৃতীয় দিন শেষে ৮৯ ওভার ব্যাট করে ৭ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩৭৬ রান। বাংলাদেশের চেয়ে এখনো ২৪ রানে পিছিয়ে রয়েছে স্বাগতিকরা। হাতে রয়েছে আরও তিনটি উইকেট।

এর আগে, দিনের প্রথম সেশনে বল হাতে সুবিধা করতে পারেননি বাংলাদেশের বোলাররা। সকালের আবহাওয়ায় পেসারদের জন্য কিছুটা বাড়তি সহায়তা থাকলেও তা কাজে লাগাতে ব্যর্থ হন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদরা। দিনের প্রথম ঘণ্টা নির্বিঘ্নেই পার করেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা ও রায়ান রিকেলটন।

তবে ঘণ্টা দেড়েক পর বাভুমার পায়ের পেশিতে টান পড়ে। ৪৯ রানে ব্যাট করার সময় চোট নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন প্রোটিয়া অধিনায়ক। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা থেকে আনুষ্ঠানিক কোনো তথ্য না পেলেও, দেখে মনে হয়েছে তার চোট খুব বেশি গুরুতর নয়। ইনিংসের শেষের দিকে আবারো ব্যাটিংয়ে আসতে পারেন তিনি।

বাভুমা রিটায়ার্ড হওয়ায় মাঠে আসেন উইয়েন মুল্ডার। কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি এই অলরাউন্ডার। ৮৬তম ওভারে তাসকিনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন তিনি। ফিরতি ওভারে আবারো আঘাত হানেন তাসকিন। এবার তার শিকার মার্কো জানসেন।

তাসকিনের টানা দুই ওভারে উইকেট নেওয়ায় মোমেন্টাম বদলে যায়। তাসকিনের সঙ্গে উইকেট পার্টিতে যোগ দেন হাসান। ৮৯তম ওভারে সাইমন হার্মারকে ফেরান এই পেসার। তাতে ১৫ রানের মধ্যে ৩ উইকেট তুলে ম্যাচে ফেরে বাংলাদেশ। এরপর লাঞ্চ বিরতিতে যায় দুই দল। আর তখনই শুরু হয় বৃষ্টি। তাতেই ভেসে গেছে দিনের শেষ দুই সেশন।