স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৮ শতাংশ চিকিৎসক পদ শূন্য: স্বাস্থ্যপ্রতিমন্ত্রী

দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসক সংকট প্রকট। এসব প্রতিষ্ঠানে চিকিৎসকের মোট পদের ৪৮ শতাংশই এখনো শূন্য রয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে এ চিত্র উঠে এসেছে। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শাম্মী আক্তারের প্রশ্নের জবাবে এ তথ্য দেন স্বাস্থ্যমন্ত্রী। তার অনুপস্থিতিতে প্রতিমন্ত্রী এম এ মুহিত সংসদে উত্তর দেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সংসদে জানানো হয়, দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অনুমোদিত পদ ১৩ হাজার ৩৬টি। এর মধ্যে কর্মরত আছেন ৬ হাজার ৭৪৮ জন। বাকি ৬ হাজার ২৮৮টি পদ খালি রয়েছে। 

এদিকে দেশের সরকারি হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও বিশেষায়িত হাসপাতাল মিলিয়ে চিকিৎসকের মোট পদ ৪২ হাজার ৫৪৯টি। এর মধ্যে ১১ হাজার ৩৩৬টি পদ শূন্য রয়েছে। সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম খানের প্রশ্নের জবাবে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে স্বাস্থ্যকর্মীসহ তৃতীয় শ্রেণির ৫৭ হাজার ৩০৬টি পদের মধ্যে ২১ হাজার ৬৫৬টি শূন্য থাকার কথা জানান মন্ত্রী।

সংসদে টিকাদান কর্মসূচির অগ্রগতির তথ্যও তুলে ধরা হয়। সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামানের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের সব অঞ্চলের শিশুদের টিকার আওতায় আনছে সরকার। হামের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ জনের জন্য। তবে এ পর্যন্ত টিকা পেয়েছে ২ কোটি ১৭ লাখ ৯১ হাজার ২৫৯ জন, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার ১২১ শতাংশ।

বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের লাইসেন্স ও অনিয়মের বিষয়েও সংসদে তথ্য দেওয়া হয়েছে। টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০২৬-২৭ অর্থবছরে সরেজমিন পরিদর্শনের ভিত্তিতে নবায়ন ও নতুন মিলিয়ে ৮ হাজার ২৭৩টি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের লাইসেন্স দেওয়া হয়েছে। অনিয়মের অভিযোগে ২৫০টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা ও সিলগালার ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া প্রায় ৫০০ প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।

পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামসুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২৫ থেকে ৩০ বছর বয়সী মানুষের মধ্যে হৃদ্‌রোগ ও হার্ট অ্যাটাকে মৃত্যুর হার উদ্বেগজনকভাবে বাড়ছে। এ ক্ষেত্রে পুরুষদের মধ্যে প্রবণতা বেশি।

সেতু নির্মাণে নদীর নাব্য সংকট নিয়ে প্রশ্ন
প্রশ্নোত্তর পর্বে নদীদূষণ, নাব্য ও নৌপথ সংকুচিত হওয়ার বিষয়টিও আলোচনায় আসে। সম্পূরক প্রশ্নে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য কামরুল হাসান বলেন, নদীতে সেতু নির্মাণের কারণে কোথাও কোথাও চর জেগে উঠছে এবং নদীর প্রশস্ততা কমে যাচ্ছে। এতে নৌপথ সংকুচিত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।

তিনি আরও বলেন, পয়োনিষ্কাশন ব্যবস্থার সংযোগের কারণে বুড়িগঙ্গাসহ বিভিন্ন নদীর পানি দূষিত হচ্ছে। বুড়িগঙ্গার তীরে শিল্পকারখানা স্থাপনের অনুমতি দেওয়ার বিষয়েও সংবাদ প্রকাশিত হয়েছে। নদীর নাব্য রক্ষা এবং সেতু নির্মাণে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নদীর স্বাভাবিক প্রবাহ ও প্রশস্ততা বজায় রাখতে সরকারের পরিকল্পনা জানতে চান তিনি।

জবাবে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, নদীদূষণ ঠেকাতে পরিবেশ মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, ঢাকা মেট্রোপলিটন সিটি ও জেলা প্রশাসকের সমন্বয়ে ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে বিষয়টি অন্য মন্ত্রণালয়ের কাজ বলেও উল্লেখ করেন তিনি।

সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
চলতি অর্থবছরে দেশের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ২ লাখ ৫৬ হাজার ৭৪ জনকে সম্মানী দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ) এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, সম্মানীর আওতায় থাকছে ৮২ হাজার ৬৫৬টি মসজিদ, ৭৫২টি বৌদ্ধবিহার ও ৩০১টি গির্জা। নীতিমালা অনুযায়ী মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এ সুবিধা পাবেন। তবে আপাতত খতিবদের সম্মানীর আওতায় আনার পরিকল্পনা নেই।

অন্যদিকে, ২০২৭ সালে বাংলাদেশ থেকে ৮৩ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী। পাবনা-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ আলী আছগারের প্রশ্নের জবাবে তিনি বলেন, হজ ব্যবস্থাপনার মোট ব্যয়ের প্রায় দুই-তৃতীয়াংশ সৌদি সরকারের নির্ধারিত। হজযাত্রীদের ভিসা ফি ও ভ্যাটসহ অন্যান্য খরচ কমানোর বিষয়ে সৌদি সরকারের সঙ্গে যোগাযোগ চলছে।