আগামী ১৯ নভেম্বর গোপালগঞ্জে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করা হচ্ছে বলে তথ্য পাওয়ার দাবি করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার কী পদক্ষেপ নিয়েছে, তা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চেয়েছেন তিনি। একই সঙ্গে সাধারণ মানুষের জীবন ও সম্পদ এবং রাষ্ট্রীয় স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে পোশাকশিল্পের সংকট নিয়ে আলোচনার সময় গোপালগঞ্জের সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরেন শফিকুর রহমান। তিনি বলেন, কয়েক দিন ধরে জেলাটিতে অস্থিরতা ও নাশকতামূলক কর্মকাণ্ড চলছে। মাইকে ঘোষণা দিয়ে থানা ঘেরাও, হামলা ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের একটি অংশকে আত্মরক্ষার্থে পিছু হটতে হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
বিরোধীদলীয় নেতা বলেন, গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে সরকারের দৃশ্যমান তৎপরতা খুব বেশি চোখে পড়ছে না। এ পর্যন্ত জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) এবং তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করার কথা জানা গেছে। এর বাইরে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা স্পষ্ট নয়।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ জেলা হওয়ায় গোপালগঞ্জের অস্থিরতার প্রভাব আশপাশের জেলাগুলোর যোগাযোগব্যবস্থা ও জনজীবনেও পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। তার ভাষ্য, ১৯ নভেম্বর কার কার বাড়িতে আগুন দেওয়া হবে এবং কোথায় কোথায় অগ্নিসংযোগ ঘটানো হবে, সে সম্পর্কেও তাদের কাছে তথ্য রয়েছে। এ তথ্য সরকারের কাছে না থাকলে তা ভালো বলেও মন্তব্য করেন তিনি।
শফিকুর রহমান জানতে চান, সম্ভাব্য নাশকতা ঠেকাতে এবং নিরীহ মানুষের জীবন, সম্পদ ও সম্ভ্রম রক্ষায় সরকার কী উদ্যোগ নিয়েছে। রাষ্ট্রীয় সম্পদ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সরকারি স্থাপনার নিরাপত্তায় কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, সে বিষয়েও সংসদ ও দেশবাসীকে আশ্বস্ত করার আহ্বান জানান তিনি।
পোশাকশিল্পের সংকট মোকাবিলায় জাতীয় টাস্কফোর্সের প্রস্তাব
সংসদে পোশাকশিল্পের সংকট নিয়েও বিস্তারিত বক্তব্য দেন জামায়াতের আমির। তিনি বলেন, দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান খাত তৈরি পোশাকশিল্প। এ খাত থেকে বছরে ৩৮ থেকে ৪০ বিলিয়ন ডলার আয় হয়, যা দেশের মোট রপ্তানির প্রায় ৮০ শতাংশ।
শিল্পমালিকেরা ক্ষতিগ্রস্ত হলে এর প্রভাব ব্যাংকিং খাতসহ সামগ্রিক অর্থনীতিতে পড়বে বলে সতর্ক করেন তিনি। তার মতে, উৎপাদন বন্ধ হয়ে গেলে মালিকদের পক্ষে শ্রমিকদের পাওনা পরিশোধ করা কঠিন হবে। এতে কারখানায় লে-অফ, বিশৃঙ্খলা ও অগ্নিসংযোগের মতো পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
তিনি বলেন, পোশাক কারখানা বন্ধ হয়ে গেলে বিপুলসংখ্যক শ্রমিক কর্মসংস্থান হারাবেন। তাদের বিকল্প কাজ দেওয়ার মতো সুযোগ দেশে বর্তমানে কতটা রয়েছে, সেটিও বিবেচনায় নিতে হবে। বিকল্প কর্মসংস্থান নিশ্চিত করা না গেলে সামাজিক অস্থিরতা তৈরি হতে পারে, যার প্রভাব পড়বে পুরো দেশের ওপর।
এই সংকট মোকাবিলায় সরকার এককভাবে সমাধানে পৌঁছাতে না পারলে পোশাকশিল্পের মালিক, শ্রমিক ও কারিগরি বিশেষজ্ঞদের নিয়ে জাতীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাব দেন শফিকুর রহমান। তিনি বলেন, শিল্পের সংকট সমাধান শুধু সরকারের একার দায়িত্ব নয়; দেশের অর্থনীতি রক্ষায় সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। টাস্কফোর্স গঠনের মাধ্যমে মালিক ও শ্রমিকদের মধ্যে আস্থা ফিরিয়ে আনার পাশাপাশি সংকট মোকাবিলায় যৌথ উদ্যোগের বার্তা দেওয়া সম্ভব হবে।
এ ছাড়া শ্রমিকদের সরাসরি সরকারি প্রণোদনা দেওয়ার বিষয়টিও বিবেচনার আহ্বান জানান তিনি। শফিকুর রহমান বলেন, পোশাক রপ্তানিনির্ভর শিল্পের ক্ষেত্রে প্রতিবেশী দেশগুলোতে সরকার শ্রমিকদের সরাসরি সহায়তা দিয়ে থাকে। প্রতিষ্ঠান বেসরকারি হলেও শ্রমিকদের স্বার্থে সরকার এগিয়ে আসে। বাংলাদেশেও এ ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে।
শিল্পমালিক ও শ্রমিক—উভয় পক্ষের স্বার্থ রক্ষার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, উৎপাদন বাড়াতে না পারলে বা লাভ করতে না পারলে মালিকদের পক্ষে শিল্পপ্রতিষ্ঠান চালু রাখা কঠিন হবে। আবার কারখানা বন্ধ হলে শ্রমিকদের জীবিকাও অনিশ্চিত হয়ে পড়বে। তাই মজুরি বোর্ডের মাধ্যমে আলোচনা করে সবার কাছে গ্রহণযোগ্য ও যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছাতে হবে।
‘বিষফোড়া ছড়িয়ে পড়ার আগেই ব্যবস্থা নিতে হবে’
বক্তব্যের শেষ পর্যায়ে আবারও গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন শফিকুর রহমান। তিনি বলেন, গোপালগঞ্জ বাংলাদেশেরই একটি অংশ। সেখানে বহু সাধারণ মানুষ, নাগরিক ও দেশপ্রেমিক রয়েছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের পাশাপাশি সবার দায়িত্ব।
সরকারি প্রতিষ্ঠান ধ্বংস, মানুষের জীবন বিপন্ন এবং সহিংসতা সৃষ্টির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
নিজেকে ক্ষুদ্র চিকিৎসক হিসেবে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, বিষফোড়া ছড়িয়ে পড়ার আগেই চিকিৎসা করা প্রয়োজন। এর পুঁজ রক্তে মিশে গেলে তা পুরো শরীরে ছড়িয়ে পড়তে পারে। গোপালগঞ্জের পরিস্থিতিও অন্য এলাকায় ছড়িয়ে পড়ার আগেই কার্যকর পদক্ষেপ নিতে হবে। সরকারি স্থাপনা ও মানুষের জীবন বিপন্ন করার মতো পরিস্থিতি চলতে দেওয়া যায় না বলে মন্তব্য করেন তিনি।