মজুরির প্রতিশ্রুতি পূরণ হয়নি, শ্রমিক অসন্তোষের দায় সরকারের: সংসদে হাসনাত

তিন বছরে মূল্যস্ফীতি ২৬ শতাংশের বেশি বাড়লেও তৈরি পোশাকশ্রমিকদের মজুরি সে অনুযায়ী সমন্বয় করা হয়নি বলে অভিযোগ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তার দাবি, শ্রমিকদের জন্য ২০ হাজার টাকা জাতীয় মজুরি নির্ধারণের প্রতিশ্রুতি দেওয়া হলেও মজুরি বোর্ডে তার প্রতিফলন নেই। জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় শ্রমিকদের আন্দোলন যৌক্তিক হয়ে উঠেছে, কিন্তু সরকার পরিস্থিতি সামাল দিতে পারছে না।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে তৈরি পোশাকশিল্পের চলমান শ্রমিক অসন্তোষ, জ্বালানি সংকট ও খাতটির কাঠামোগত সমস্যা নিয়ে সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

হাসনাত বলেন, শ্রমিকদের স্বার্থ রক্ষার পাশাপাশি শিল্পের টিকে থাকার জন্য মালিকদেরও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি। তার ভাষায়, শ্রমিক না বাঁচলে শিল্প টিকবে না, আর শিল্প না টিকলে দেশের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হবে। তবে সরকারের অব্যবস্থাপনা ও বিভিন্ন পর্যায়ের প্রতিবন্ধকতার কারণে পরিস্থিতি আরও জটিল হচ্ছে।

শ্রমিকদের মজুরি ও জীবনযাত্রার ব্যয়ের ব্যবধান তুলে ধরে তিনি বলেন, গত তিন বছরে গড় মূল্যস্ফীতি ২৬ শতাংশের বেশি বেড়েছে। ঢাকা শহরে চার সদস্যের একটি পরিবারের মাসিক খাবারের খরচ ১২ থেকে ১৬ হাজার টাকা হলেও পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১২ হাজার টাকা নির্ধারিত রয়েছে।

জোনায়েদ সাকির বক্তব্যের প্রসঙ্গ টেনে হাসনাত বলেন, ক্ষমতায় গেলে শ্রমিকদের জাতীয় মজুরি ২০ হাজার টাকা নির্ধারণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মজুরি বোর্ডে সেই প্রতিশ্রুতির প্রতিফলন দেখা যাবে বলে তারা আশা করেছিলেন। কিন্তু নির্ধারিত বৈঠকও অনুষ্ঠিত হয়নি বলে অভিযোগ করেন তিনি।

গ্যাসের দাম বৃদ্ধি, জ্বালানি সংকট এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার ব্যয় শ্রমিকদের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে উল্লেখ করে হাসনাত বলেন, এই বাস্তবতায় শ্রমিকদের আন্দোলনের যৌক্তিকতা রয়েছে। তবে সরকার আন্দোলন মোকাবিলায় যথাযথ ভূমিকা রাখতে পারছে না।

ঘুষকে ‘উপহার’ বলার সংস্কৃতি তৈরি হয়েছে
তৈরি পোশাকশিল্পের মালিকদের বিভিন্ন সরকারি দপ্তরে অর্থ দিতে হয় বলে অভিযোগ করেন হাসনাত। তার বক্তব্য, কাঁচামাল আমদানি থেকে শুরু করে শুল্ক, ভ্যাট, এক্সাইজ, বন্ডেড ওয়্যারহাউস, কারখানা পরিদর্শন এবং পণ্য রপ্তানির বিভিন্ন ধাপে অনুমোদন নিতে গিয়ে তাদের অর্থ ব্যয় করতে হয়।

বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে ঘুষকে ‘উপহার’ হিসেবে অভিহিত করা হচ্ছে। জর্জ অরওয়েলের ‘১৯৮৪’ উপন্যাসের উদাহরণ দিয়ে তিনি সরকারের শব্দ ব্যবহারের সমালোচনা করেন। তার অভিযোগ, ঋণখেলাপিকে ঋণগ্রস্ত, চাঁদাবাজিকে সমঝোতা এবং ঘুষকে উপহার হিসেবে উপস্থাপন করা হচ্ছে।

হাসনাতের দাবি, এসব অর্থ আদায়ের চাপ এড়াতে অনেক পোশাকশিল্পের মালিক সরকারদলীয় বা প্রভাবশালী নেতাদের পরামর্শক হিসেবে নিয়োগ দেন। তিনি একে ‘প্রটেকশন মানি’ হিসেবে উল্লেখ করেন।

শিল্পের পরিবেশ উন্নয়নে সরকারের দায়িত্বের কথা তুলে ধরে তিনি বলেন, শ্রমিকদের বেতন মালিকপক্ষকেই দিতে হয়। সরকারের কাজ হলো ব্যবসা পরিচালনা সহজ করা এবং মালিকদের সহযোগিতা করা। কিন্তু তার অভিযোগ, ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির পরিবর্তে নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে।

জ্বালানি সংকটের সুযোগ নিয়ে দুর্নীতির অভিযোগ
গ্যাস সংকটের জন্য সরকারকে সরাসরি দায়ী না করলেও এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে দুর্নীতি করা হচ্ছে বলে অভিযোগ করেন হাসনাত। তিনি বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে গ্যাস সরবরাহে সংকট তৈরি হয়ে থাকতে পারে, কিন্তু সেই সংকটকে পুঁজি করে অনিয়মের সুযোগ নেওয়া হচ্ছে।

এ প্রসঙ্গে তিনি তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনের বিষয়টি উল্লেখ করেন। প্রতিমন্ত্রীর আগের দিনের বক্তব্যের সমালোচনা করে হাসনাত বলেন, ৬ হাজার ৩০০ কোটি টাকা বেশি ব্যয়ের বিষয়টি নিয়ে সংসদে উত্থাপিত একটি প্রস্তাবের সঙ্গে সংশ্লিষ্টতার প্রশ্নের জবাব পাওয়া যায়নি।

সরকারি বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের জন্যও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর কাছ থেকে অর্থ নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। ২৬ মার্চ, ১৬ ডিসেম্বর ও পয়লা বৈশাখের মতো অনুষ্ঠানে সরকারি বরাদ্দ না থাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাঁদা সংগ্রহ করা হয় বলে দাবি করেন হাসনাত। তার মতে, এ ধরনের ব্যয় কমানো গেলে ব্যবসায়ীদের ওপর চাপ কমবে।

শ্রমিক আন্দোলনে আওয়ামী লীগের সম্পৃক্ততার অভিযোগ
পোশাকশ্রমিকদের আন্দোলনে আওয়ামী লীগের সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ করেছেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, এ বিষয়ে তাদের কাছে তথ্য ও প্রমাণ রয়েছে। আন্দোলনকে ব্যবহার করে দেশের অর্থনীতিতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা হলে তা প্রতিরোধের দায়িত্ব সরকারকে নিতে হবে।

তার অভিযোগ, শুধু তৈরি পোশাক খাত নয়, বিভিন্ন ক্ষেত্রে অস্থিতিশীলতা সৃষ্টির মাধ্যমে আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফেরার চেষ্টা করছে। এ ক্ষেত্রে ভারতের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার দাবি, ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চলছে।

গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ টেনে হাসনাত বলেন, এ ধরনের পরিস্থিতি অব্যাহত থাকলে তৈরি পোশাকশিল্পসহ কোনো খাতের পক্ষেই স্বাভাবিকভাবে কার্যক্রম চালানো সম্ভব হবে না।

৪৫ বিলিয়ন ডলারের বাজার হারানোর আশঙ্কা
শ্রমিকদের মজুরি ও জীবনযাত্রার ব্যয়ের মধ্যে সামঞ্জস্য আনার পাশাপাশি মালিকদের জন্য ব্যবসা পরিচালনার পরিবেশ সহজ করার আহ্বান জানান হাসনাত। তিনি বলেন, দেশের তৈরি পোশাকশিল্পের ৪৫ বিলিয়ন ডলারের বাজার ধরে রাখতে হলে শ্রমিক ও মালিক—উভয় পক্ষের সমস্যার সমাধান প্রয়োজন।

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন, নতুন ক্রয়াদেশের মৌসুমে বাংলাদেশের কিছু ক্রয়াদেশ ভারত ও ভিয়েতনামে চলে যাচ্ছে। দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা না গেলে, শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং মালিকদের জন্য সহায়ক পরিবেশ তৈরি করা না গেলে এর প্রভাব পুরো অর্থনীতিতে পড়বে।

তরুণদের কর্মসংস্থানের সংকটের কথাও সংসদে তুলে ধরেন তিনি। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার ও বিরোধী দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান হাসনাত।

সবশেষে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের যেসব ব্যক্তি ষড়যন্ত্র ও অর্থায়নের সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা প্রয়োজন। এ কাজে সরকারকে সহযোগিতার আশ্বাসও দেন তিনি।