কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি দলটির রাজনৈতিক পুনরুত্থানের সম্ভাবনা নাকচ করে দিয়ে দেশব্যাপী কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
ফেসবুক পোস্টে আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে আবিদুল ইসলাম খান লেখেন, ‘তোদের খুনি হাসিনা ফিরবে না। না মানে না। গণহত্যাকারীদের রাজনৈতিক পুনরুত্থান হবে না। ডিসেম্বর শেষে সেটাই হবে প্রমাণিত।’ পোস্টে তিনি আরও উল্লেখ করেন, ‘গণহত্যার বিচার নিশ্চিত হবে এবং তোরা ঝুলবি রশিতে এটাই তোদের নিয়তি।’
পূর্ববর্তী শাসনামলের প্রসঙ্গ টেনে ঢাবি ছাত্রদলের এই নেতা তাঁর পোস্টে লেখেন, ‘যখন পুরো রাষ্ট্র আওয়ামী সন্ত্রাসীদের নখদর্পণে ছিল তখনই খুনি হাসিনা হেলিকপ্টারে করে পালিয়েছিল।’ বর্তমানে জনগণ ক্ষমতায় রয়েছে দাবি করে তিনি বলেন, ‘জনগণ চাইলে একদিনেই নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের ধুলোয় মিশিয়ে দেবে।’
দেশব্যাপী আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে আইনি পদক্ষেপ নিতে হবে উল্লেখ করে আবিদুল ইসলাম খান লেখেন, ‘আর একবিন্দুও ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন সেটা ঐতিহাসিকভাবে প্রমাণিত। তাই কুকুরকে কুকুরের মতোই ডিল করতে হবে।’
পোস্টের শেষাংশে নিজেদের সাংগঠনিক প্রস্তুতির কথা জানিয়ে তিনি লেখেন, ‘বিএনপি তার সাংগঠনিক শক্তি প্রদর্শনে সর্বদা প্রস্তুত। ওয়েট অ্যান্ড সি!’