ঢাকায় ককটেলসহ কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর থেকে দুটি অবিস্ফোরিত ককটেলসহ কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম মহসিন (২৫)।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ৩টা ১০ মিনিটের দিকে মোহাম্মদপুরের নূরজাহান রোডের তেহারি ঘর নামের একটি খাবার হোটেল থেকে তাকে আটক করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, মহসিন পটুয়াখালী জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি মোহাম্মদপুর এলাকায় অবস্থান করে ককটেল বিস্ফোরণের মাধ্যমে নাশকতার পরিকল্পনা করছিলেন বলে অভিযোগ রয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকালে মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই হোটেল থেকে মহসিনকে দুটি অবিস্ফোরিত ককটেলসহ গ্রেফতার করা হয়।

তিনি বলেন, ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে সামনে রেখে ঢাকায় নাশকতার প্রস্তুতি নিচ্ছিলেন মহসিন। এ বিষয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে তার যোগাযোগ ছিল। ঢাকায় মিছিল আয়োজনের পরিকল্পনার সঙ্গেও তিনি যুক্ত ছিলেন বলে পুলিশের দাবি।

এডিসি আরও জানান, মহসিনের মোবাইল ফোনে ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচির ছবি পাওয়া গেছে। পাশাপাশি হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও মেসেঞ্জারের একাধিক গ্রুপে তার সক্রিয় থাকার তথ্যও পাওয়া গেছে।