রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের প্রেস সচিব শামীম রেজা বিদ্যুৎকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে ভবানীগঞ্জ নিউমার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শামীম রেজা বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়নের মাধাইমুড়ি গ্রামের মো. সামছুদ্দিনের ছেলে। গত ২৫ জুলাই বাগমারা থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য ও নাশকতার একটি মামলায় (এফআইআর নম্বর-৩১) তদন্তে তার সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের অভিযোগ, শামীম রেজা সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের সম্পদ দেখাশোনা, ভবানীগঞ্জ নিউমার্কেট নিয়ন্ত্রণ, আওয়ামী লীগের টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকা এবং পলাতক নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষার সঙ্গে জড়িত ছিলেন। এ ছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপন পরিকল্পনার সঙ্গেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ভিজিএফের চাল বিতরণ ও পূর্ববিরোধের জেরে গত ২৪ জুলাই রাত পৌনে ১২টার দিকে ভবানীগঞ্জ পৌরসভার চাঁনপাড়া এলাকায় বাদীর বসতবাড়িতে ককটেল হামলা ও ভাঙচুর চালানো হয়। এতে বাদীর প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল এবং একটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করে।
এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুর রহমান বলেন, গ্রেপ্তার শামীম রেজা সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের প্রেস সচিব ছিলেন। তিনি এখনো সাবেক সংসদ সদস্যের প্রতিষ্ঠানে কর্মরত থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংগঠিত করছিলেন।
ওসি আরও বলেন, মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার আবেদন জানিয়ে মঙ্গলবার রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।