মালিবাগ-মৌচাক ফ্লাইওভারের পিলারের ভেতর থেকে নারীর মরদেহ উদ্ধার

রাজধানীর মালিবাগ-মৌচাক ফ্লাইওভারের একটি পিলারের ভেতরের সুরঙ্গ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে ওই নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ফ্লাইওভারের মৌচাক মোড়ের একটি পিলারের ভিমের সুরঙ্গ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) এস এম রাশেদুল ইসলাম জানান, ওই নারী ভবঘুরে ও ভাসমান ছিলেন। তিনি ফ্লাইওভারের পিলারের ভিমের সুরঙ্গের ভেতরে ঘুমাতেন। মরদেহটি পচে ফুলে গেছে।

ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বিস্তারিত তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।