কাফরুলে স্বেচ্ছাসেবক লীগ সভাপতির বাড়িতে আগুন-ভাঙচুর

রাজধানীর কাফরুলে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি কাজী মেজবাউল হক সাচ্চুর বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কাফরুল থানার উত্তর ইব্রাহিমপুরের ১৭৩ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন। 

জানা যায়, এতে বাড়িটির নিচতলার গ্যারেজে থাকা একটি মোটরসাইকেল ও সোফা পুড়ে গেছে। পাশাপাশি এসময় বাড়ির কেয়ারটেকারের কক্ষও ভাঙচুর করা হয়েছে।

এ বিষয়ে কাফরুল থানার এএসআই শিলা আক্তার বলেন, ২০ থেকে ২৫ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি মিছিল নিয়ে বাড়িটিতে এসে ভাঙচুর ও আগুন দেয়। পরে স্থানীয় লোকজন ১০ থেকে ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

এদিকে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি হামলায় জড়িত ব্যক্তিদের পরিচয়ও সামনে আসেনি।

এ বিষয়ে ফায়ার সার্ভিস মিডিয়া শাখার পরিদর্শক শাহাজাহান শিকদার জানান, তাদের নিয়ন্ত্রণকক্ষে বাড়িটিতে আগুন লাগার কোনো খবর আসেনি।

যদিও তিনি উল্লেখ করেন, তবে মিরপুর ফায়ার স্টেশনে একটি খবর এসেছিল। পরে গাড়ি বের হওয়ার পর আগুন নিভে যাওয়ার কথা জানানো হয়।

উল্লেখ্য, চব্বিশের জুলাইয়ের গণঅভ্যুত্থানে সরকার পতনের পর থেকে ‘আত্মগোপনে’ আছেন সাচ্চু।