দ্য প্রিন্টের প্রতিবেদন

ঢাকায় আসছে ভারতীয় জলসম্পদ মন্ত্রণালয়ের দল, অ্যাজেন্ডায় নেই নতুন গঙ্গা চুক্তি

বাংলাদেশ–ভারতের মধ্যে ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে এক মাসেরও কম সময় বাকি। এর মধ্যেই চুক্তির আওতায় গঠিত যৌথ কমিটির (জয়েন্ট কমিটি) ৯১ তম বৈঠকে যোগ দিতে ভারতের জলশক্তি মন্ত্রণালয়ের চার সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসছে। 

ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট জানিয়েছে, আগামী ২১ থেকে ২৩ নভেম্বর ঢাকায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।

ভারত ও বাংলাদেশের সদস্যদের নিয়ে গঠিত এই যৌথ কমিটির দায়িত্ব হলো গঙ্গার পানি বণ্টন কার্যক্রম পর্যবেক্ষণ করা। তবে ভারত সরকারের সূত্র জানিয়েছে, ভারতীয় প্রতিনিধি দলের ঢাকা সফরের আনুষ্ঠানিক আলোচ্যসূচিতে গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়টি থাকছে না। আগামী ১২ ডিসেম্বর ৩০ বছর মেয়াদি এই চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা।

দ্য প্রিন্টকে ভারতের একটি সরকারি সূত্র জানিয়েছে, ‘যৌথ কমিটির এই বৈঠকটি নিয়মিত কার্যক্রমের অংশ। বৈঠকে কমিটির বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করা হবে। গঙ্গার পানি বণ্টন চুক্তির বিধান অনুযায়ী, ভারত ও বাংলাদেশে পর্যায়ক্রমে বছরে তিনবার যৌথ কমিটির বৈঠক হওয়ার কথা।’

চুক্তির ষষ্ঠ অনুচ্ছেদ অনুযায়ী, যৌথ কমিটিকে সংগৃহীত সব তথ্যের ভিত্তিতে প্রতিবছর ভারত ও বাংলাদেশ সরকারের কাছে একটি প্রতিবেদন জমা দিতে হয়। ভারত ও বাংলাদেশের যৌথ নদী কমিশনের (জেআরসি) সদস্যদের নেতৃত্বে গঠিত এই যৌথ কমিটির সর্বশেষ বৈঠক গত ২২ মে কলকাতায় অনুষ্ঠিত হয়েছিল।

গঙ্গার পানি বণ্টন চুক্তির সপ্তম অনুচ্ছেদ অনুযায়ী, দ্বিপক্ষীয় এই চুক্তিতে নির্ধারিত ব্যবস্থাগুলো বাস্তবায়নের দায়িত্ব যৌথ কমিটির। পাশাপাশি চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে কোনো সমস্যা দেখা দিলে তা পর্যালোচনা করা এবং ফারাক্কা ব্যারাজ পরিচালনার বিষয়টিও কমিটির দায়িত্বের মধ্যে পড়ে।

এ সংক্রান্ত কোনো মতপার্থক্য বা বিরোধ যৌথ কমিটির মাধ্যমে সমাধান করা সম্ভব না হলে তা ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনে (জেআরসি) পাঠানো হয়। ১৯৭২ সালে প্রতিষ্ঠিত এই কমিশনের দায়িত্ব হলো ভারত ও বাংলাদেশের মধ্যে অভিন্ন নদ-নদীসংক্রান্ত সব বিষয় তদারকি করা।