অর্থনীতিতে এখন নিম্নচাপ চলছে: দেবপ্রিয় ভট্টাচার্য

দেশের অর্থনীতিতে নিম্নচাপ চলছে বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশের অর্থনীতিতে একটা নিম্নচাপ আছে, এটা সত্য। উদ্যোক্তারা অসুবিধার মধ্যে আছেন, সেটাও সত্য। অর্থনীতিতে যে নিম্নচাপ চলছে, মেঘ–বৃষ্টি হচ্ছে—এটা সবাই জানেন। কিন্তু সরকারের আচরণ কিংবা সংসদের কার্যকলাপের মধ্যে এই পরিস্থিতি যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে বলে মনে হয় না।

রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে বুধবার (১৮ নভেম্বর) আয়োজিত ‘পোশাক খাতে ন্যায্য মজুরি ২০২৬: বিবেচ্য বিষয়সমূহ’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ কথা বলেন সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। 

বিশিষ্ট অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক ও শ্রমসম্পর্কিত বিষয়গুলো আইনশৃঙ্খলার বিষয়ে পরিণত হয়েছে। এখন তা ক্রমেই রাজনৈতিক রূপ নিচ্ছে। এটা তো হওয়ার কথা ছিল না। এর একটি বড় কারণ হচ্ছে, অর্থনীতির ভেতরে যে নিম্নচাপ চলছে, তা মোকাবিলায় সরকার যেসব পদক্ষেপ নিচ্ছে, সেগুলো যথাযথভাবে স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে প্রকাশ করতে পারছে না।

এ সময় উদাহরণ হিসেবে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘২০০৯ সালের জনঅর্থায়ন ও বাজেট ব্যবস্থাপনা আইন অনুযায়ী প্রতি তিন মাস পরপর সরকার সংসদে অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিবৃতি দেবে। বাজেটের পর পাঁচ মাস হয়ে গেছে। আমাদের অর্থমন্ত্রী অত্যন্ত অভিজ্ঞ একজন মানুষ। তিনি এখন পর্যন্ত সেই বিবৃতি দেননি। ফলে স্বচ্ছতা নিশ্চিত হয়নি।’

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘অর্থমন্ত্রী যদি বাজেট বাস্তবায়ন ও অর্থনীতির সার্বিক পরিস্থিতি—বিনিয়োগ, বাণিজ্য ইত্যাদি বিষয়ে সংসদে বিবৃতি দিতেন, তাহলে অর্থনীতির এই নিম্নচাপ হয়তো লঘুচাপে পরিণত হতো। একেবারে কেটে যেত, তা মনে করি না। তবে সেই লঘুচাপ আরও কার্যকরভাবে মোকাবিলা করা সম্ভব হতো। একই সঙ্গে সরকার যেসব সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিল, দুর্নীতি দমন যার অন্যতম, সেগুলো বাস্তবায়ন করাও তখন সহজ হতো বলে মনে করি।’

সরকারের ঘোষিত সংস্কারকাজ সম্পন্ন হলে বিদেশি ক্রেতাদের সঙ্গে দর–কষাকষি সহজ হতো বলে মন্তব্য করেন দেবপ্রিয় ভট্টাচার্য। তার কারণ হিসেবে তিনি বলেন, ‘বিদেশি ক্রেতারা প্রশ্ন তোলেন, তোমাদের অবকাঠামো দুর্বল, রাজস্ব ব্যবস্থাপনা দুর্নীতিগ্রস্ত—এসবের ভর্তুকি কেন আমার মতো উন্নত দেশের ক্রেতারা দেবেন? তোমরা উন্নয়ন ও সংস্কারের মাধ্যমে এসব সমস্যার সমাধান করো।’

তৈরি পোশাকশিল্পের মতো এক খাতের ওপর দেশের অর্থনীতির অতি নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসতে হবে—এমন মত দেন দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, ‘মনে রাখতে হবে, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের জন্য আমরা যে তিন বছর সময় পেয়েছি, সেখানে অন্যতম বিবেচ্য বিষয় হলো শিল্পের বৈচিত্র্য। শুধু তৈরি পোশাকশিল্পের ওপর নির্ভর করে আমাদের শিল্পকাঠামো গড়ে উঠবে এবং রপ্তানির ৮০ শতাংশ একটিমাত্র খাত থেকে আসবে—এই অবস্থা আমরা বদলাতে চাই। বিশ্ববাসীর কাছে এ বিষয়ে আমাদের প্রতিশ্রুতি রয়েছে।’

সিপিডির সম্মাননীয় এই ফেলো বলেন, ‘মজুরি আলোচনায় যারা বলেন, ছোট কারখানাগুলো টিকে থাকতে পারবে কি না, মাঝারি কারখানাগুলোর জন্য পরিস্থিতি কঠিন হবে কি না, বড় কারখানাগুলো আরও বড় হয়ে যাবে কি না, তাদের একটি বিষয় মনে রাখতে হবে। যদি সুশাসনের অভাব থাকে, দুর্নীতি থাকে, তাহলে সেই দুর্নীতির দায় কি শ্রমিক তার মজুরি দিয়ে বহন করবেন? শ্রমিককে ন্যায্য মজুরি না দেওয়াই কি এর সমাধান? এটা কোন যুক্তিতে গ্রহণযোগ্য? কোন ন্যায্যতার ভিত্তিতে এটা হতে পারে?’

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘যারা সুশাসনের অভাবের কথা বলছেন, দুর্নীতির কথা বলছেন, তারাই তো রাজনীতিবিদদের পৃষ্ঠপোষকতা করেন। তারাই তো অর্থ দিয়ে নির্বাচনে তাদের জয়ী করেছেন। তাহলে এখন কেন তাদের কাছ থেকে দুর্নীতিমুক্ত ও সুশাসিত অর্থনীতি আদায় করতে পারবেন না?’
তিনি আরও বলেন, ‘মেহনতি মানুষের মাধ্যমে আমরা দুর্নীতির ভর্তুকি দেব—এমন ব্যবস্থা তো সমাজে চলতে পারে না।’