আগামী গ্রীষ্মেই পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ দেবে রূপপুরের প্রথম ইউনিট

আগামী গ্রীষ্মের আগেই জাতীয় গ্রিডে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট। ২০২৭ সালের ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে এ ইউনিট থেকে প্রায় ১ হাজার ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের জন্য জোর প্রচেষ্টা চালানো হচ্ছে।

বুধবার (১৮ নভেম্বর) এসব তথ্য জানিয়েছেন নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান। একই সঙ্গে দ্বিতীয় ইউনিটের কাজও দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

এদিকে মঙ্গলবার জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরুর প্রায় সাড়ে ৮ ঘণ্টা পর রাত ১১টা ৫০ মিনিটে রূপপুরের প্রথম ইউনিটের গ্রিড সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। প্রথম দফার পরীক্ষায় ইউনিটটির উৎপাদন সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াটে উন্নীত হয়েছিল। পরবর্তী ধাপের কারিগরি পরীক্ষা-নিরীক্ষার প্রস্তুতির অংশ হিসেবে সাময়িকভাবে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানিয়েছেন এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক।

বুধবার ড. জাহেদুল হাসান বলেন, প্রথম দফায় প্রায় সাড়ে ৮ ঘণ্টা জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। এ সময় টারবাইন, জেনারেটর এবং গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন ব্যবস্থার কার্যকারিতা যাচাই করা হয়। প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর দ্বিতীয় দফায় আবারও চার থেকে ছয় ঘণ্টার জন্য জাতীয় গ্রিডে সংযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, দেশে বিদ্যুৎ সংকটের বিষয়টি বিবেচনায় নিয়ে এনপিসিবিএলে কর্মরত প্রকৌশলী, বিজ্ঞানী ও কর্মকর্তাদের নিরলস পরিশ্রমের ফলে দ্রুততম সময়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করা সম্ভব হয়েছে। পরবর্তী পরীক্ষাগুলোতে প্রয়োজন অনুযায়ী উৎপাদন বাড়ানো বা কমানো হবে। কোনো কোনো পরীক্ষার প্রয়োজনে ইউনিটটি সাময়িকভাবে বন্ধও রাখতে হতে পারে। গ্রিডে বিদ্যুৎ সরবরাহের সময় উৎপাদনের ওঠানামার সঙ্গে ভারসাম্য বজায় রাখতে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিবিপি) প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এনপিসিবিএলের কর্মকর্তা-কর্মচারীদের নিরলস প্রচেষ্টার প্রশংসা করে ব্যবস্থাপনা পরিচালক বলেন, আগামী গ্রীষ্মকাল আসার আগেই, অর্থাৎ ২০২৭ সালের ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে প্রথম ইউনিটের বিদ্যুৎ পূর্ণ সক্ষমতায় জাতীয় গ্রিডে সরবরাহের জন্য সর্বাত্মক চেষ্টা চলছে। এ সময় প্রায় ১ হাজার ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এতে আগামী গ্রীষ্মে দেশের বিদ্যুৎ ঘাটতি অনেকটাই লাঘব হবে বলে প্রত্যাশা তার।

দ্বিতীয় ইউনিটের অগ্রগতি সম্পর্কে ড. জাহেদুল হাসান বলেন, প্রথম ইউনিটের তুলনায় দ্বিতীয় ইউনিটের কাজ প্রায় ১২ থেকে ১৪ মাস পিছিয়ে রয়েছে। তবে দ্বিতীয় ইউনিটের জন্য নতুন পারমাণবিক জ্বালানি (ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল) ইতোমধ্যে আসতে শুরু করেছে। এ ইউনিটের নির্মাণ ও কারিগরি কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে এনপিসিবিএলের প্রকৌশলী ও কর্মকর্তারা নিরলসভাবে কাজ করছেন। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ডিসেম্বরের শেষ দিকে অথবা ২০২৮ সালের জানুয়ারিতে দ্বিতীয় ইউনিট থেকেও জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করা সম্ভব হতে পারে বলে তিনি জানান।

দীর্ঘ প্রতীক্ষা, ধারাবাহিক কারিগরি কার্যক্রম ও বিভিন্ন ধাপের পরীক্ষা-নিরীক্ষা শেষে মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে দেশের ইতিহাসে প্রথমবারের মতো পারমাণবিক বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়। সংযোগের ২৯ মিনিট পর উৎপাদন ৩৫০ মেগাওয়াটে পৌঁছায়। পরে গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখতে উৎপাদন ৩০০ মেগাওয়াটে স্থির রাখা হয় এবং পর্যায়ক্রমে তা বাড়িয়ে সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াটে উন্নীত করা হয়।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, এমপির উপস্থিতিতে ঐতিহাসিক এ কার্যক্রমের সূচনা হয়। এ সময় প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান (চলতি দায়িত্ব) ড. এম মইনুল ইসলাম, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) চেয়ারম্যান মাহমুদুল হাসান, এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান, প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেনসহ সংশ্লিষ্ট প্রকৌশলী, বিজ্ঞানী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রাথমিক পরীক্ষার ফলাফল সন্তোষজনক হলে পরবর্তী ধাপে অগ্রসর হওয়ার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমোদন নিতে হবে। অনুমোদন পাওয়ার পর শুরু হবে পরীক্ষামূলক পরিচালনা বা ‘ট্রায়াল অপারেশন’। এ পর্যায়ে ধাপে ধাপে উৎপাদন বাড়িয়ে রিঅ্যাক্টর, টারবাইন, জেনারেটর এবং স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকারিতা যাচাই করা হবে।

এর আগে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছিলেন, আগামী জানুয়ারির মধ্যে প্রথম ইউনিটের উৎপাদন ধাপে ধাপে ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ মেগাওয়াটে উন্নীত করার চেষ্টা থাকবে। তবে উৎপাদন বৃদ্ধির বিষয়টি সংশ্লিষ্ট পরীক্ষা-নিরীক্ষার ফলাফল এবং নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের ওপর নির্ভর করবে।

দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাস্তবায়ন করছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। কেন্দ্রটির পরিচালনার দায়িত্বে রয়েছে সরকারি প্রতিষ্ঠান নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)। রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট এখানে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি পারমাণবিক বিদ্যুৎ ইউনিট নির্মাণ করছে। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে কেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতা দাঁড়াবে ২ হাজার ৪০০ মেগাওয়াট।