ঝিনাইদহ পৌরসভার কাঞ্চননগর এলাকায় ইট দিয়ে মাথায় আঘাত করে সাবেক স্ত্রী সুমাইয়া খাতুনকে (২৪) হত্যার অভিযোগ উঠেছে এনামুল হোসেন (৩০) নামের এক যুবকের বিরুদ্ধে। বুধবার (১৮ নভেম্বর) সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত এনামুলকে ধরে গণপিটুনি দেন। পরবর্তীতে পুলিশ তাকে আহত ও চিকিৎসাধীন অবস্থায় আটক করেছে।
নিহত সুমাইয়া খাতুন কাঞ্চননগর এলাকার সেকেন্দার আলীর মেয়ে। পরিবার সূত্রে জানা গেছে, প্রায় চার বছর আগে ঝিনাইদহ পৌরসভার শিকারপুর গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে এনামুলের সঙ্গে পারিবারিকভাবে সুমাইয়ার বিয়ে হয়। বিয়ের দুই বছর পর তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। তাদের সংসারে একটি সন্তান রয়েছে এবং সেই সন্তানের অভিভাবকত্ব নিয়ে আদালতে একটি মামলা চলমান ছিল।
নিহতের বাবা সেকেন্দার আলী অভিযোগ করেন, আদালতে চলমান মামলাটি প্রত্যাহারের জন্য এনামুল দীর্ঘদিন ধরে সুমাইয়াকে চাপ দিয়ে আসছিলেন এবং এর আগেও তাকে হত্যার চেষ্টা করেছিলেন। বুধবার সকালে এনামুল তাদের বাড়িতে এসে সুমাইয়ার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান এবং একপর্যায়ে ইট দিয়ে মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আশরাফি সুলতানা আইভি জানান, সুমাইয়া খাতুনকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, প্রাথমিকভাবে ইট দিয়ে আঘাত করে হত্যার প্রমাণ পাওয়া গেছে। স্থানীয়দের গণপিটুনিতে আহত অভিযুক্ত এনামুলকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আটক করা হয়েছে এবং সুস্থ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে এবং পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।