দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকের ২ লাখের বেশি পদ শূন্য: শিক্ষামন্ত্রী

দেশের বিভিন্ন স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকের ২ লাখ ৫৩ হাজার ৯৪৫টি পদ খালি রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের পৃথক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। একই সঙ্গে এসব শূন্যপদ পূরণে সরকারের নেওয়া উদ্যোগের কথাও তুলে ধরেন মন্ত্রী।

ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য জানানো হয়। এর আগে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলামের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকের ৩ হাজার ৪৮টি পদ শূন্য রয়েছে। বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এ সংখ্যা ৮৫ হাজার ৩৩৩। এ ছাড়া কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৪ হাজার ৬৯৭টি এবং মাদ্রাসায় ১ লাখ ১ হাজার ৮৭৩টি শিক্ষকের পদ খালি রয়েছে।

ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. ইলিয়াস মোল্লার প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের ১০ হাজার ২৪৭টি এবং প্রধান শিক্ষকের ৩৮ হাজার ৭৪৭টি পদ শূন্য রয়েছে।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের বিষয়ে অপর এক প্রশ্নের জবাবে আ ন ম এহছানুল হক মিলন বলেন, এসব প্রতিষ্ঠানে শিক্ষকের ৭৫ হাজার ৭৩৮টি শূন্যপদের চাহিদা পাওয়া গেছে। সংশ্লিষ্ট বিধিমালা ও পরিপত্র সংশোধন করে দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এ ছাড়া বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধানের ১১ হাজার ১৫১টি পদে নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে।

শহর ও গ্রামের শিক্ষার সুযোগের বৈষম্য নিয়ে কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, দেশের শিক্ষাব্যবস্থায় শহর ও গ্রামের শিক্ষার্থীদের সুযোগ-সুবিধার মধ্যে এখনো কিছুটা পার্থক্য রয়েছে। শহরের তুলনায় গ্রামীণ শিক্ষাপ্রতিষ্ঠানে অবকাঠামোগত সুবিধা, দক্ষ ও বিষয়ভিত্তিক শিক্ষকের প্রাপ্যতা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার সীমিত। এ ব্যবধান কমাতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

এদিকে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতির হার ৮৮ দশমিক ০৪ শতাংশ। অন্যদিকে ঝরে পড়ার হার ১৬ দশমিক ২৫ শতাংশ।

সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামছুন্নাহারের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, আদালতে রিট পিটিশন নিষ্পত্তি হওয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদোন্নতিযোগ্য শূন্যপদ পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে। সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণযোগ্য পদগুলোর জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) চাহিদাপত্র পাঠানো হয়েছে। পাশাপাশি সহকারী শিক্ষকের শূন্যপদের তথ্য সংগ্রহ করা হয়েছে। এসব পদ পূরণে নিয়োগ কার্যক্রম শুরু হবে।

সরকারি দলের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষা বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা সরকারের নির্ধারিত বেতন স্কেল অনুযায়ী বেতন-ভাতা পাচ্ছেন। তবে প্রাথমিক শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো তৈরির বিষয়ে আপাতত সরকারের কোনো সিদ্ধান্ত নেই।

যশোর-১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ আজীজুর রহমানের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, দেশে ৮ হাজার ২২৯টি এমপিওভুক্ত মাদ্রাসার সংযুক্ত ইবতেদায়ি শাখায় প্রায় ১৫ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে। এ ছাড়া অনুদানভুক্ত ও অনুদানবিহীন ৭ হাজার ৭৭টি ইবতেদায়ি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১০ লাখ।