৪৯০ পিস ই’য়াবা নিয়ে পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ৩

জামালপুর পৌরসভার খুপিবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৪৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পুলিশ কনস্টেবলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- জামালপুর জেলা পুলিশে কর্মরত কনস্টেবল মো. সাব্বির হোসেন (শেরপুর জেলার ভাগলঘর গ্রামের আব্দুল বারীর ছেলে), মো. রমজান মিয়া (শেরপুর জেলার চরপক্ষিমারী ডাকপাড়া গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে) এবং মো. সুলতান মাহমুদ (জামালপুরের বেলটিয়া গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে জামালপুর সদর থানার এসআই আসাদুজ্জামান ও এসআই রাসেলের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় তাদের আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে ৪৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে। পরে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।