বরিশাল বিশ্ববিদ্যালয়

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ৫ জনকে মারধর

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (বিবি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে পাঁচ কর্মকর্তাকে মারধর ও টেঁনে-হিঁচড়ে প্রক্টর অফিসে হস্তান্তর করেছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর ২টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর থেকে তাদের আটক করা হয়। আটকের পরে বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে স্লোগান দিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। 

আটক কর্মকর্তারা হলেন- বিশ্ববিদ্যালয়ের অর্থ দপ্তরের অতিরিক্ত পরিচালক সুব্রত কুমার বাহাদুর, অর্থ দপ্তরের উপ-পরিচালক আতিকুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার আবু হাচান, অর্থ দপ্তরের সহকারী পরিচালক মোজাম্মেল হক, রেজিস্ট্রার দপ্তরের অফিস সহায়ক আরিফ হোসেন। এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-প্রধান প্রকৌশলী মুর্শিদ আবেদিনকে টেনে হিঁচড়ে প্রক্টর অফিসে নেয়ার চেষ্টা করা হয়।

মারধরের শিকার কর্মকর্তাদের দাবি, তাদেরকে অফিস থেকে মারধর করে তুলে নিয়ে প্রক্টর অফিসে আটক রাখা হয়েছে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আরিফ হোসাইন শান্ত বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে এসব কর্মকর্তাদের তার এখন পর্যন্ত দেশকে অস্থিতিশীল করতে নানাভাবে পায়তারা করে যাচ্ছে। তাদের বিরুদ্ধে আমাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এজন্য তাদেরকে আটক করে প্রক্টর অফিসে সোপর্দ করা হয়েছে। পরবর্তী পদক্ষেপ বিশ্ববিদ্যালয় প্রশাসন নিবে।

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন বলেন, দেশনায়ক তারেক রহমান আপনাদের একসঙ্গে কাজ করার সুযোগ দিয়েছেন। আপনারা সেই সুযোগ লুফে নেননি, বরং বেছে নিয়েছেন সন্ত্রাসী কর্মকাণ্ডকে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোনোভাবেই এসব মেনে নেবে না। সেই জায়গা থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা যে অবস্থান নিয়েছি, এই কর্মসূচি অব্যাহত থাকবে। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের দোসরদের নিধন করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. মেহেদী হাসান সোহাগ জানান, আপনারা জানেন সারাদেশে পতিত ফ্যাসিস্ট শক্তি বিক্ষিপ্তভাবে নৈরাজ্য সৃষ্টি করছে। আমাদের বিশ্ববিদ্যালয়েও এধরনের কর্মকাণ্ডের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যাওয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশের জনসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।