চট্টগ্রামের হালিশহর থানা পুলিশের টহল দলের পিকআপটি চুরির দুই ঘণ্টা পরই উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় কর্ণফুলী উপজেলার ফকিন্নিরহাট এলাকা থেকে এটি উদ্ধার করা হয়। এর আগে দুপুর পৌনে ৩টার দিকে নগরীর হালিশহর থানার ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইনের সামনে থেকে গাড়িটি চুরির ঘটনা ঘটে।
কর্ণফুলী থানার ফকিরনীর হাট এলাকায় থেকে পিকআপ উদ্ধারের কথা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নগর পুলিশের সহকারী কমিশনার আমিনুর রশিদ। তিনি বলেন, পুলিশ গাড়িটিকে ধাওয়া করলে সেটি ফেলে পালিয়ে যায় চোর।
নগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ জানান, হালিশহর থানা পুলিশের একটি টহল দল সড়কের পাশে গাড়ি রেখে ক্যান্টিনে খেতে গিয়েছিল। প্রায় ১০ মিনিট পর ফিরে এসে তারা গাড়িটি পাননি।
তিনি আরও জানান, সিসিটিভি ফুটেজে দেখা গেছে- টহল দলের সদস্যরা ক্যান্টিনে প্রবেশের পরপরই এক ব্যক্তি নিজের কাছে থাকা চাবি দিয়ে গাড়ির দরজা খুলে ভেতরে ওঠেন। এরপর পিকআপটি চালিয়ে আগ্রাবাদের দিকে চলে যান। টহল দলে এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে দুই কনস্টেবল ও একজন চালক ছিলেন।
কর্ণফুলী থানার ওসি নুর আহমদ গাড়ি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, হালিশহর এলাকা থেকে চুরি হওয়া পুলিশের পিকআপটি কর্ণফুলীর ফকিন্নিরহাট এলাকায় পাওয়া গেছে। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।