বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে চার কর্মকর্তাকে মারধর করে প্রক্টর অফিসে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনার ভিডিও পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর থেকে এসব কর্মকর্তাদের আটক করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের আরও এক কর্মকর্তাকে টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে যাওয়ার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন।
নাম না প্রকাশ করার শর্তে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা জানান, এ ঘটনায় আতঙ্কিত হয়ে বেশ কয়েকজন কর্মকর্তা ক্যাম্পাস থেকে চলে যান। পরবর্তীতে তাদের কয়েকজনের ডেস্ক ভাঙচুর করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান।
ববি প্রক্টর অফিস জানায়, শিক্ষার্থীরা বিভিন্ন অভিযোগে যেসব কর্মকর্তাদের প্রক্টর অফিসে সোপর্দ করেছেন তারা হলেন-অর্থদপ্তরের অতিরিক্ত পরিচালক সুব্রত কুমার বাহাদুর, উপপরিচালক আতিকুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার আবু হাচান, রেজিস্ট্রার দপ্তরের অফিস সহায়ক আরিফ হোসেন।
এ ছাড়া, বিশ্ববিদ্যালয়ের উপপ্রধান প্রকৌশলী মুর্শিদ আবেদিনকেও টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নেওয়ার চেষ্টা করার একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন।
ববি ছাত্রদল সাধারণ সম্পাদক আরিফ হোসেন শান্ত বলেন, ‘শেখ হাসিনা ভারতে অবস্থান করে দেশকে বিভিন্নভাবে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। বাংলাদেশের সাধারণ মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী ফ্যাসিস্টের যেসব দোসর রয়েছে, তারা বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। শেখ হাসিনা বিদেশে থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন, এসব ফ্যাসিস্টরাও বিভিন্নভাবে অস্থিতিশীল করার লক্ষ্যে তৎপরতা চালাচ্ছে। এ কারণে তাদেরকে ধরে প্রক্টর অফিসে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. মেহেদী হাসান সোহাগ বলেন, ‘আপনারা জানেন, সারাদেশে পতিত ফ্যাসিস্ট শক্তি বিক্ষিপ্তভাবে নৈরাজ্য সৃষ্টি করছে। আমাদের বিশ্ববিদ্যালয়েও এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশের জনসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাদের বিরুদ্ধে মামলা করে পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে।’
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত চন্দ্র নাথ বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের কাছে তাদের কিছু কর্মকর্তা-কর্মচারীকে হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।’