‘তোর মেয়েরে মাইরা ফেলতেছি’ স্বামীকে ভয়েস মেসেজ দিয়ে ৪ বছরের শিশুকে হত্যা

রাজধানীর বনশ্রীতে পারিবারিক দ্বন্দ্বের জেরে চার বছরের শিশুকন্যা আসফিয়া জাহান নূরকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার নিজের মা মেহেরুননেসার বিরুদ্ধে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে বনশ্রীর বি-ব্লকের ৭ নম্বর রোডের ২৫ নম্বর বাসার তৃতীয় তলায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত মেহেরুননেসাকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে রামপুরা থানা পুলিশ।

নিহত শিশুর পরিবার সূত্রে জানা যায়, প্রায় ছয় বছর আগে আশরাফুল হক ইমন ও মেহেরুননেসার বিয়ে হয়। শুরুর এক বছর সংসার জীবন মোটামুটি কাটলেও গত পাঁচ বছর ধরেই তাদের মধ্যে পারিবারিক কলহ ও অশান্তি চলে আসছিল। দুই পরিবার মিলে কয়েক দফা সালিশ করেও এই দ্বন্দ্বের সমাধান করতে পারেনি।

ঘটনার দিন বিকেলে মেহেরুননেসা হোয়াটসঅ্যাপের ‘ভিউ ওয়ান্স’ (View Once) ফিচার ব্যবহার করে শিশুর বাবা আশরাফুল হক ইমনকে পরপর দুটি ভয়েস মেসেজ পাঠান। প্রথম বার্তায় তিনি বলেন, ‘তোর মেয়েরে মাইরা ফেলতেছি’ এবং দ্বিতীয় বার্তায় জানান, ‘আমি তোর মাইয়ারে মাইরা ফেলাইছি’।

এমন বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গেই শিশুর বাবা ইমন তার বাসার মালিক এমদাদুল হককে ফোন করে দ্রুত খোঁজ নিতে বলেন। বাড়ির মালিক ওই ফ্ল্যাটে পৌঁছানোর পর অভিযুক্ত মা নিজেই জানান যে তিনি মেয়েকে মেরে ফেলেছেন এবং তাকে যেন পুলিশে সোপর্দ করা হয়।

খবর পেয়ে বাড়ির মালিক জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করলে রামপুরা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে। রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহাদাত হোসেন জানান, বুধবার (১৮ নভেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে শিশুটির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন এবং অভিযুক্ত মেহেরুননেসাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। শিশুটির মরদেহ আজিমপুরে দাফন করার কথা রয়েছে। পারিবারিক কলহের জেরে ঘটা এমন নৃশংস হত্যাকাণ্ডে পুরো এলাকায় শোক ও চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।