পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে প্রধানমন্ত্রীকে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী সংগঠনের চিঠি

বাংলাদেশে তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি প্রতিবছর পর্যালোচনা করার সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশন (এএএফএ)। 

সংগঠনটি বলেছে, ২০২৩ সালের পর থেকে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি আর সমন্বয় করা হয়নি। অথচ এই সময়ে দেশে মূল্যস্ফীতি অনেক বেড়েছে। জ্বালানির উচ্চমূল্যও বাংলাদেশের পরিবারগুলোর ব্যয়ভার বাড়িয়েছে। 

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ১৫ নভেম্বর লেখা চিঠিতে এএএফএ এই সুপারিশ করেছে। সংগঠনটির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিফেন লামার স্বাক্ষরিত চিঠিতে তৈরি পোশাকশ্রমিকদের মজুরি পর্যালোচনার পাশাপাশি তাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হয়েছে।

এএএফএ মনে করে, প্রতিবছর ন্যূনতম মজুরি পর্যালোচনার ব্যবস্থা থাকলে শ্রমিকদের ক্রয়ক্ষমতা ধরে রাখা সহজ হবে। একই সঙ্গে মজুরি নির্ধারণ ঘিরে বারবার যে উত্তেজনা তৈরি হয়, তা কমানো সম্ভব। এতে শ্রমিক ও নিয়োগকর্তা—উভয় পক্ষই মজুরি সমন্বয়ের বিষয়ে আগে থেকে ধারণা পাবে এবং ধাপে ধাপে তা কার্যকর করতে পারবে।

ন্যূনতম মজুরি পর্যালোচনায় তিনটি বিষয়ে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছে সংগঠনটি। প্রথমত, মজুরি নির্ধারণের আলোচনা হতে হবে অন্তর্ভুক্তিমূলক, স্বচ্ছ ও তথ্য–প্রমাণভিত্তিক। শ্রমিক সংগঠন, ট্রেড ইউনিয়নসহ সব প্রাসঙ্গিক অংশীজনকে আলোচনায় যুক্ত করতে হবে।

দ্বিতীয়ত, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) নীতিমালা অনুসারে ন্যূনতম মজুরি এমনভাবে নির্ধারণ করতে হবে, যাতে শ্রমিকেরা নিজেদের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি কিছুটা অতিরিক্ত ব্যয় করার সক্ষমতা অর্জন করেন। তবে এ ক্ষেত্রে মূল্যস্ফীতির চাপ ও বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিতে হবে।

তৃতীয়ত, কার্যকর ও স্বচ্ছ ত্রিপক্ষীয় আলোচনা নিশ্চিত করতে সরকারকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

বাংলাদেশ থেকে পণ্য কেনার ক্ষেত্রে আন্তর্জাতিক ব্র্যান্ড ও খুচরা বিক্রেতাদের দায়িত্বশীল ভূমিকা পালনে গুরুত্ব দিয়েছে এএএফএ। সংগঠনটি বলেছে, পণ্যের দাম নির্ধারণের সময় শ্রম ব্যয় যথাযথভাবে বিবেচনায় নিতে হবে। সংগঠনটি জানিয়েছে, তাদের সদস্যপ্রতিষ্ঠানগুলো দায়িত্বশীল ভূমিকা পালনে প্রতিশ্রুতিবদ্ধ।

চিঠিতে সাম্প্রতিক শ্রমিক বিক্ষোভের প্রসঙ্গ তুলে ধরেছে এএএফএ। সংগঠনটি বলেছে, ন্যূনতম মজুরি পর্যালোচনার সময় এবং তারপরেও আলোচনায় অংশগ্রহণকারীদের বিরুদ্ধে কোনো ধরনের প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া যাবে না। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর সহিংসতা এবং ইউনিয়ন নেতাদের গ্রেপ্তার না করার আহ্বান জানিয়েছে তারা।

শ্রমিক ইউনিয়নের সদস্যদের ওপর হামলা, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে এএএফএ। সংগঠনটি মনে করে, শ্রমিকদের সংগঠন করার স্বাধীনতা ও যৌথ দর–কষাকষির অধিকার নিশ্চিত করা জরুরি। পাশাপাশি শ্রমিকেরা যাতে ভয়ভীতি ছাড়াই স্বাধীনভাবে নিজেদের মতামত প্রকাশ করতে পারেন, সে ধরনের পরিবেশ তৈরিতেও গুরুত্ব দিয়েছে তারা।

শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা গেলে মজুরি নির্ধারণকারী প্রতিষ্ঠানের ওপর আস্থা বাড়বে বলে মনে করে এএএফএ। এতে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে সামাজিক সংলাপ বাড়বে। পাশাপাশি আলোচনার মাধ্যমে মজুরি সমন্বয়ে যে ঐকমত্য হবে, তা বাস্তবায়নও সহজ হবে বলে মনে করে সংগঠনটি।

বাংলাদেশে ন্যূনতম মজুরি বোর্ড গঠন ও মজুরি পর্যালোচনার বিষয়ে সরকার, বিজিএমইএ ও শ্রমিক প্রতিনিধিদের একসঙ্গে কাজ করার উদ্যোগকে স্বাগত জানিয়েছে এএএফএ। সংগঠনটি আশা করছে, সব পক্ষের অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক আলোচনা হবে। এর মাধ্যমে দ্রুত এমন সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব, যাতে সংশ্লিষ্ট সবার মতামতের পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতা প্রতিফলিত হবে।

প্রধানমন্ত্রীকে লেখা চিঠির অনুলিপি বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম, বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম ও লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুরকে পাঠানো হয়েছে।