বরিশালে ভ্যানচালকের বাড়িতে মিললো ‘অস্ত্রের ভাণ্ডার’

বরিশালের গৌরনদীতে অভিযান চালিয়ে ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের (কার্যক্রম নিষিদ্ধঘোষিত) সহ সভাপতি শামীম আহমেদ ওরফে জর্দা শামীমের সহযোগীদের আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের তথ্য জানিয়েছে এসআরবি-৮। অভিযানে ৭টি বিদেশি পিস্তল, পিস্তলের ৩৩টি ম্যাগাজিন, ২ হাজার ৭৬১ রাউন্ড বিভিন্ন ধরনের কার্তুজসহ মোট ৮টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে এসআরবি ৮ সদর দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করেছেন মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার ওয়ালিদ হাসান মিঠু। তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের এক ভ্যানচালকের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পাশাপাশি জর্দা শামীমের তিন সহযোগীকে আটক করা হয়েছে।

আটকরা হলেন- শাহে আলম (৫০), বি.এম আমীন ইবনে ফারুক ওরফে শাথিল আহমেদ বিশ্বাস (৫৪) এবং মো. রবিউল বেপারী (৩৫)।

তারা সবাই গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বাসিন্দা।

এসআরবি জানায়, স্থানীয় তথ্য ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে জানা গেছে আলোচিত জর্দা শামীম গ্রেপ্তার হওয়ার পর তার কাছে থাকা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ সরিয়ে গৌরনদীর বাটাজোড়ে অবস্থিত তার মালিকানাধীন ‘শাহী ৯৯ পার্কে’ নিয়ে আসা হয়। পরবর্তীতে তার ব্যক্তিগত সহকারী শাহে আলম ও শ্যালক শাথিল আহমেদ বিশ্বাসের সহযোগিতায় এসব অস্ত্র ও গোলাবারুদ গোপনে সংরক্ষণ এবং কেনাবেচার ব্যবস্থা করা হচ্ছে। এ কাজে ভ্যানচালক রবিউল বেপারীকে ভয়ভীতি দেখিয়ে তার বসতবাড়িতে অস্ত্র ও গোলাবারুদ রাখতে বাধ্য করা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

সহকারী পুলিশ সুপার ওয়ালিদ হাসান মিঠু জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৮-এর একটি আভিযানিক দল গৌরনদীর বাটাজোড় এলাকার ওই বসতবাড়িতে অভিযান চালায়। এসময় বাড়িতে অবস্থানরত তিন ব্যক্তি পালানোর চেষ্টাকালে তাদের আটক করা হয়। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে ৪টি বিদেশি পিস্তল, ৩টি রিভলবার ও ১টি এয়ারগানসহ মোট ৮টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। একই সময় উদ্ধার করা হয় ৩৩টি পিস্তল ম্যাগাজিন, ২ হাজার ২৮২ রাউন্ড পিস্তল ও রিভলবারের কার্তুজ, ৩১২ রাউন্ড শটগানের কার্তুজ এবং ১৬৭ রাউন্ড এয়ারগানের কার্তুজ। সর্বমোট ২ হাজার ৭৬১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। অন্যান্য উদ্ধার সামগ্রীর মধ্যে রয়েছে ১টি ম্যাগাজিন আনলোডার, ৩টি ম্যাগাজিন স্প্রিং, পিস্তলের ৭টি ক্ষুদ্র ভাঙা অংশ, ৩টি মোবাইল ফোন ও আলামত রাখার ১০টি ব্যাগ।

এসআরবি-৮ এর এই মিডিয়া কর্মকর্তা যোগ করেন, ঝালকাঠির আলোচিত ব্যবসায়ী ও কার্যক্রম নিষিদ্ধ ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সহ-সভাপতি মোহাম্মদ শামীম আহমেদ ওরফে জর্দা শামীমের বিরুদ্ধে অবৈধ অস্ত্রের মাধ্যমে এলাকায় প্রভাব বিস্তার, চাঁদাবাজি, জমি দখল ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে ঢাকা ও ঝালকাঠির বিভিন্ন থানায় বিস্ফোরক দ্রব্য ও ভাঙচুর আইনে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর চলতি বছরের ৬ মে দিবাগত রাতে রংপুর সদর উপজেলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

তিনি আরও জানান, অভিযানে উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য আলামতসহ আটক করা তিনজনকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য গৌরনদী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের উৎস, ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত এবং এসব অস্ত্র কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়েছে কি না, তা খতিয়ে দেখতে এসআরবি-৮ এর ছায়া তদন্ত অব্যাহত রয়েছে।