ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা নিয়ে নানা আলোচনা চললেও শেষ পর্যন্ত চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একসঙ্গে বৈঠকে বসছেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প; বরং এই দুই নেতার সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক মার্কিন কর্মকর্তার বরাতে জানিয়েছে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের শেনজেনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একান্ত বৈঠকে বসছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে ২০২৫ সালের আগস্টে যুক্তরাষ্ট্রের আলাস্কায় পুতিনের সঙ্গে তাঁর সর্বশেষ সরাসরি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। তবে সেই বৈঠক থেকে যুদ্ধ বন্ধের বিষয়ে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি আসেনি।
এদিকে বুধবার রাতে শেনজেনে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের পারিবারিক ছবি তোলার আগে ভ্লাদিমির পুতিনকে করমর্দন করে স্বাগত জানান ডোনাল্ড ট্রাম্প। এ সময় দুই নেতার শুভেচ্ছা বিনিময়ের দৃশ্য ভিডিওতে ধারণ করা হয়।
চীন সফরের আগে বুধবার সকালে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দিনের কর্মসূচি শুরু করেন ট্রাম্প। সেখানে দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট মন্তব্য করেন, পারমাণবিক জ্বালানি খাতে দুই দেশ ‘বড় কিছু’ করতে পারে।
পরবর্তীতে চীনের শেনজেনে পৌঁছালে বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সাম্প্রতিক বছরগুলোতে চীনের কূটনৈতিক প্রটোকল অনুযায়ী, বিদেশি রাষ্ট্রপ্রধানদের স্বাগত জানাতে সাধারণত বিমানবন্দরে যান না দেশটির প্রেসিডেন্ট। ফলে শি জিনপিংয়ের এই উপস্থিতিকে একটি বিরল ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
শেনজেনে পৌঁছে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবম এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গেও আলাদা বৈঠক করেন ট্রাম্প। বৈঠক শেষে শেইনবম এই আলোচনাকে ‘খুব ভালো বৈঠক’ বলে অভিহিত করেন।
অন্যদিকে সম্মেলনে দেওয়া ভাষণে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শেনজেন শহরের অসাধারণ রূপান্তরের কথা তুলে ধরেন। কয়েক দশক আগের ছোট্ট একটি মাছধরা গ্রাম থেকে শহরটি এখন উদ্ভাবনের কেন্দ্রে পরিণত হয়েছে বলে উল্লেখ করেন তিনি। এদিকে রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, ট্রাম্প ও শি জিনপিংয়ের সঙ্গে নির্ধারিত বৈঠক থেকে ‘উল্লেখযোগ্য সম্ভাব্য সুফল’ পাওয়ার আশা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট পুতিন।