চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার অধীন গহেরপুর সড়কে ব্যারিকেড বসিয়ে একই স্থানে পরপর দুটি ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় দুই সাবেক ইউপি চেয়ারম্যানসহ কয়েকজন যাত্রী ডাকাতদের হামলা ও লুটপাটের শিকার হয়েছেন।
বুধবার (১৮ নভেম্বর) ভোর ৩টার দিকে হিজলগাড়ী-সরোজগঞ্জ সড়কের গহেরপুর কানাপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, দেশীয় অস্ত্রধারী ডাকাত দল সড়কে ব্যারিকেড দিয়ে যানবাহনের গতিরোধ করে যাত্রীদের জিম্মি করে মারধর করে। পরে তাদের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় এক লাখ টাকার মালামাল লুট করে নেয়।
স্থানীয় ও ভুক্তভোগীদের সূত্রে জানা যায়, বুধবার ভোরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আল ইমরান টাইগার (৫০) তিতুদহ এলাকায় একটি সালিশ বৈঠক শেষে বাড়ি ফিরছিলেন। পথে গহেরপুর কানাপুকুর এলাকায় পৌঁছালে সড়কে ব্যারিকেড দিয়ে তার গাড়ির পথ আটকে দেয় একদল সশস্ত্র ডাকাত। এ সময় তাকে ও গাড়িতে থাকা অন্য যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করা হয়। পরে তাদের কাছে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল ছিনিয়ে নেয় ডাকাতরা।
ঘটনার খবর পেয়ে তিতুদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকতার হোসেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। তবে সেখানে পৌঁছানোর আগেই একই স্থানে ডাকাত দলের কবলে পড়েন তিনিও। তার গাড়িতে থাকা যাত্রীরাও মারধর ও লুটপাটের শিকার হন।
পরপর দুই দফা ডাকাতির ঘটনায় দুই সাবেক চেয়ারম্যানসহ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। দুই ঘটনায় লুট হওয়া নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মালামালের আনুমানিক মূল্য প্রায় এক লাখ টাকা।
একই স্থানে ধারাবাহিক ডাকাতির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। সড়কটিতে রাতের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের টহল ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। তবে খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।