কার্যক্রম নিষিদ্ধ পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরের নিজস্ব বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে পটুয়াখালী পৌর শহরের দক্ষিণ সবুজবাগ এলাকায় অবস্থিত ওই বাড়িতে আগুন লাগে।
অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ কিংবা এর সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ১০টার দিকে হঠাৎ বাড়িটির একটি কক্ষ থেকে আগুনের শিখা দেখতে পান এলাকাবাসী। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়লে বাসভবনের বিভিন্ন অংশ পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যায়নি।
স্থানীয় বাসিন্দাদের ধারণা, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করেই এ ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান গণমাধ্যমকে জানান, ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নেভানো হয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ সদস্যরা অবস্থান করছেন। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি; বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই পলাতক রয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর। এরপর থেকে ওই বাড়িতে তিনি কিংবা তাঁর পরিবারের কোনো সদস্য বসবাস করতেন না।