নূতন মাদক সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করা প্রয়োজন

দেশে মাদকাসক্তি একটি জাতীয় সমস্যায় পরিণত হইয়াছে। ইহার মোকাবিলায় বিভিন্ন এলাকায়, পাড়া-মহল্লায় যে ধরনের সামাজিক আন্দোলন গড়িয়া তোলা দরকার ছিল, তাহা চোখে পড়িতেছে না। মাদক কারবারি ও রাঘববোয়ালরা বরাবরই থাকিতেছেন ধরাছোঁয়ার বাহিরে। সবচাইতে মারাত্মক প্রবণতা হইল, একশ্রেণির রাজনীতিবিদ এমনকি জনপ্রতিনিধি মাদক কারবারে জড়াইয়া পড়িতেছেন যাহা দুঃখজনক। মাদক কারবারের মাধ্যমে রাতারাতি বড়লোক হওয়া যায় বিধায় এই কারবারে লোভ সামলানো কঠিন। যাহারা কালোটাকার পাহাড় গড়িয়া নির্বাচনমুখী রাজনীতি করিতে চাহে, তাহারা ইহাকে উপরে উঠিবার সহজ সিঁড়ি মনে করিতেছেন। প্রায়শ মাদক ব্যবহারকারী বা গ্রহণকারীদের ধরপাকড় করা হইতেছে; কিন্তু মাদক সম্রাট-সম্রাজ্ঞীদের তেমনভাবে ধরা হইতেছে না। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত এক খবরে বলা হইয়াছে যে, বিদেশি নূতন মাদকে দেখা দিতেছে নূতন বিপদ। এই বিপদ সমগ্র জাতিকে একদিন ধ্বংস করিয়া দিতে পারে। পৃথিবীর বহু উন্নত দেশও মাদকের বিরুদ্ধে লড়াই করিতে গিয়া হিমশিম খাইতেছে। তাই বাংলাদেশে মাদকাসক্তি নিরসনে সম্মিলিতভাবে কার্যকর উদ্যোগ গ্রহণ করিতে হইবে।

সম্প্রতি রাজধানীর উত্তরার একটি বাসায় চেতনানাশক ঔষধ কেটামিন প্রক্রিয়াজাত করিবার ল্যাবের সন্ধান পাওয়া গিয়াছে। অভিযান চালাইয়া তিন বিদেশি নাগরিককে গ্রেফতার করা হইয়াছে। তাহারা কুরিয়ারের মাধ্যমে বিদেশ হইতেও মাদকের অর্ডার পাইত বলিয়া জানা যায়। অন্যদিকে গাজীপুরের টঙ্গীতে ইয়াবা গুঁড়া করিয়া নূতন বড়ি বানানো ও পুরান ঢাকার ওয়ারীতে কুশ চাষ এবং ভাটারায় ভেজাল মদ তৈরির কারখানার অস্তিত্ব পাওয়া গিয়াছে। কখনো ইলেকট্রনিক সিগারেটের (ভেপের) তরল, কখনো বিশেষ কাগজ বা চকলেটে পাওয়া যাইতেছে মাদক। মার্কেটিংয়ের জন্য ব্যবহার করা হইতেছে সামাজিক যোগাযোগমাধ্যমও। ঢাকা উত্তর সিটি করপোরেশনের এক পরিসংখ্যান অনুযায়ী দেশে অন্তত ২৪ ধরনের মাদক পাওয়া গিয়াছে। তাহার মধ্যে ২০১৮ হইতে ২০২৫ সাল পর্যন্ত আট বছরে নূতন বা অপ্রচলিত ১৩ ধরনের মাদক শনাক্ত হইয়াছে। যেমন—আইস, এমডিএমএ বা এক্সট্যাসি, এলএসডি ট্যাপেন্টাডল ও ট্রামাডল, ডিএমটি, ম্যাজিক মাশরুম, ডিওবি, কুশ (গাঁজার বিশেষ জাত), জমাট হেরোইন, ব্ল্যাক কোকেন ও এমডিএমবি। এই মাদকগুলির মধ্যে কোনটি উত্তেজক, কোনটি বিভ্রম সৃষ্টিকারী। কিছু আবার ঔষধ হিসাবেও ব্যবহৃত। এইখানে এমডিএমএ মূলত ক্লাব বা পার্টিতে ব্যবহৃত হয়। জম্বি ড্রাগ লইয়াও উদ্বেগ বাড়িতেছে। তাহা ছাড়া নূতন প্যাকেজিংয়ের কারণে অনেক মাদক চেনা কঠিন। “সিবিডি তৈল’ নামেও একধরনের মাদক বিক্রয় করা হয়। আসলে নূতন নেশার প্রতি কৌতূহলের কারণেও এই সকল মাদকের ব্যবহার ক্রমবর্ধমান। উদ্বেগজনক বিষয় হইল, তরুণদের মধ্যে বিভিন্ন প্রকার মাদক গ্রহণের হার বাড়িতেছে। নূতন প্রজন্ম আগামীর ভবিষ্যৎ; কিন্তু তাহাদের মধ্যে মাদকাসক্তি বৃদ্ধির কারণে দেশের ভবিষ্যৎ লইয়া আমরা শঙ্কিত।

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গিয়াছে, মাদক ব্যবহারকারীদের ৩৩ শতাংশ প্রথম মাদক গ্রহণ করেন ৮-১৭ বৎসর বয়সে। আরো ৫৯ শতাংশ শুরু করেন ১৮-২৫ বৎসরের মধ্যে। তাহার মানে ৯২ শতাংশই মাদক গ্রহণ শুরু করেন ২৫ বৎসরের মধ্যে। এই সকল কিশোর-তরুণদের মাদকাসক্তি হইতে রক্ষায় আমাদের কি কোনো পরিকল্পনা বা প্রচার-প্রচারণা রহিয়াছে? বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এবং শহর-নগরে জনসম্মুখে এই ব্যাপারে সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা দরকার। দেশে নিবন্ধিত ও অনিবন্ধিত হাজার হাজার সামাজিক সংগঠন রহিয়াছে। বিভিন্ন রাজনৈতিক দলেরও নানা সামাজিক-সাংস্কৃতিক অঙ্গ বা সহযোগী সংগঠন রহিয়াছে। এই বিশাল শক্তিকে তরুণ-তরুণীদের মাদকাসক্তি হইতে দূরে থাকিবার জন্য কাজে লাগানো যাইতে পারে। সরকার কিছু ফান্ড সৃষ্টি করিলে এই সকল সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান সচেতনতামূলক কর্মকাণ্ডে নূতন শক্তি লইয়া ঝাঁপাইয়া পড়িতে পারে।

নূতন মাদক শনাক্তে কিছু চ্যালেঞ্জ রহিয়াছে। এই ধরনের মাদক শনাক্ত ও নিয়ন্ত্রণে প্রযুক্তিগত সক্ষমতা বাড়াইতে হইবে। মাত্র ৩ হাজার জনবল লইয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কীভাবে লক্ষ লক্ষ মাদকসেবী ও হাজার হাজার মাদক কারবারিকে মোকাবিলা করিবেন তাহা একটি চিন্তার বিষয় বটে। নূতন নূতন মাদকের ব্যাপারে জনসাধারণের মধ্যে সচেতনতা তৈরিতে সরকারের আশু উদ্যোগ গ্রহণ করা আবশ্যক।