অল্প সময়ের ব্যবধানে দুটি ঘূর্ণিঝড় ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করার পর এবার বঙ্গোপসাগরে সৃস্টি হয়েছে তৃতীয় ঘূর্ণিঝড় ‘আকভান’। এটি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ পরিগ্রহ করেছে। এর প্রভাবে দেশের চার সমুদ্রবন্দর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রায় ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আজ রাতে ভুবনেশ্বর থেকে বিশাখাপট্টম পর্যন্ত বিশাল এলাকা জুড়ে স্থলভাগে আছড়ে পড়তে পারে আকভান।
বিশ্বের বিভিন্ন দেশের আবহাওয়া পূর্বাভাস মডেল ও আবহাওয়া ও জলবায়ুসংক্রান্ত বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে, ঘূর্ণিঝড় ’আকভান’-এর যাত্রাপথ কিছুটা উত্তর-পশ্চিম দিকে ভারতের ওড়িশা রাজ্যের দিকে সরে গেছে। ফলে ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্য ও ওড়িশা রাজ্যের মধ্যবর্তীয় উপকূলীয় এলাকার ওপর দিয়ে উপকূলে আঘাত হানার আশঙ্কা করা যাচ্ছে। ফলে ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বাংলাদেশের ওপরে পূর্ব অপেক্ষা বেশি পরিমাণে বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে আজ বৃহস্পতিবার এবং ২০ ও ২১ নভেম্বর।
এদিকে গতকাল বুধবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর দিকে অগ্রসর হয়ে বর্তমানে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। গতকাল বুধবার দুপুর ১২টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৩৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ১ হাজার ১৭৫ কিলোমিটার, মোংলা থেকে ১ হাজার ১৩৫ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার। যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। ফলে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন উপকূলীয় এলাকায় দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল ইসলাম বলেন, আজ বৃহস্পতিবার থেকে বরিশাল ও খুলনা বিভাগের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। রাজধানীতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার দেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টির আশঙ্কাও রয়েছে। তিনি আরো বলেন, ঘূর্ণিঝড়টি বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে।
এদিকে আবহাওয়া বিশ্লেষক মোস্তফা কামাল পলাশ জানান, গতকাল বাংলাদেশ সময় দুপুর ৩টায় ঘূর্ণিঝড় আকভানের কেন্দ্রের অবস্থান ছিল প্রায় ১৩ দশমিক ৪ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৬ দশমিক ৭ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশের ওপরে। ঘূর্ণিঝড়টির চারপাশে বাতাসের গড় গতিবেগ রেকর্ড করা হয়েছে ঘণ্টায় প্রায় ৭৪ কিলোমিটার, যা দমকা হাওয়াসহ ঘণ্টায় প্রায় ৮০ থেকে ৯০ কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে। ঘূর্ণিঝড়টির চারপাশে ২০ ফুট উচ্চতার ঢেউ পরিমাপ করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের আবহাওয়া পূর্বাভাস মডেল (বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়ন ও আমেরিকান) ও আবহাওয়া ও জলবায়ুসংক্রান্ত বিভিন্ন তথ্য এবং আমেরিকার নৌবাহিনী কর্তৃক পরিচালিত জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার ও ভারতীয় আবহাওয়া অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে, ঘূর্ণিঝড় আকভানের যাত্রাপথ গত ১২ ঘণ্টায় আরো উত্তর-পশ্চিম দিকে সরে এসেছে ভারতের ওড়িশা রাজ্যের দিকে। ফলে সর্বশেষ অবস্থা বিশ্লেষণ করে আশঙ্কা করা যাচ্ছে যে ঘূর্ণিঝড় আকভান ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্য উত্তর দিকের শেষ অংশ ও ওড়িশা রাজ্যের দক্ষিণ দিকের উপকূলীয় এলাকার ওপর দিয়ে উপকূলে আঘাত হানার আশঙ্কা করা যাচ্ছে আগামীকাল শুক্রবার সকাল ৬টার পর থেকে দুপুর ১২টার মধ্যে। সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় আকভান আরো কিছুটা উত্তর-পূর্ব দিকে সরে গিয়ে পুরোপুরি ভারতের ওড়িশা রাজ্যের উত্তর দিক ও ভারতের পশ্চিম বঙ্গ রাজ্যের পশ্চিম দিকের ওপর দিয়ে উপকূলে আঘাত করার। ফলে সর্বশেষ অবস্থা অনুসারে ঘূর্ণিঝড় আকভানের ভালো রকমের প্রভাব পড়ার আশঙ্কা করা যাচ্ছে বাংলাদেশের ওপরে। ঘূর্ণিঝড়ের প্রভাবে পুরো বাংলাদেশের ওপরে বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে আজ, আগামীকাল এবং ২০ ও ২১ নভেম্বর। গতকাল থেকে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার ওপরে বৃষ্টিপাত শুরু হয়েছে। আজ থেকে এই বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে থাকবে। সবচয়ে বেশি পরিমাণ বৃষ্টি হবে ২০ ও ২১ নভেম্বর। ২২ নভেম্বরও রংপুর বিভাগের কোনো কোনো জেলার ওপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় জেলাগুলোর ওপরে জলোচ্ছ্বাসের প্রভাব পড়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। স্বাভাবিক সময়ের অপেক্ষা দুই থেকে চার ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা করা যাচ্ছে।