ইরান যুদ্ধ বন্ধে চীন-রাশিয়ার সহায়তা প্রয়োজন নেই: ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটাতে চীন কিংবা রাশিয়ার সহযোগিতার প্রয়োজন নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ইরানের সামরিক সক্ষমতা অনেকটাই কমে এসেছে এবং তেহরান এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে আগ্রহী।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের শেনজেনে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকের আগে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা যুক্তরাষ্ট্র পরাজিত করেছে। তার দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা আগের তুলনায় কমে বর্তমানে প্রায় ১২ থেকে ১৩ শতাংশে নেমে এসেছে। এ পরিস্থিতিতে যুদ্ধ বন্ধ করতে বেইজিং বা মস্কোর কাছে সহায়তা চাওয়ার কোনো পরিকল্পনা ওয়াশিংটনের নেই।

হরমুজ প্রণালি নিয়েও নিজের অবস্থান তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, গুরুত্বপূর্ণ এই নৌপথের ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। একই সঙ্গে চীন ও রাশিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো আচরণ করছে এবং সেখানে কোনো জাহাজ পাঠায়নি বলেও মন্তব্য করেন তিনি।

ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা প্রসঙ্গে ট্রাম্প বলেন, তেহরান চুক্তিতে পৌঁছাতে চাইলেও যুক্তরাষ্ট্র এমন একটি চুক্তি চায়, যা দীর্ঘস্থায়ী হবে। যেকোনো উপায়ে শিগগিরই যুদ্ধের অবসান ঘটানো হবে বলেও জানান তিনি।

সি চিন পিং ও পুতিনের সঙ্গে একই সময়ে বৈঠকের সুবিধা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, দুই নেতার মধ্যে সম্পর্ক রয়েছে এবং তারা একসঙ্গে কাজ করেন। তবে চীন ও রাশিয়ার এই ঘনিষ্ঠ সম্পর্কের জন্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে দায়ী করেন তিনি।

এদিকে, ওয়াশিংটনে ইরানের সম্ভাব্য ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা নিয়ে করা এক প্রশ্নের জবাবে ট্রাম্প দাবি করেন, ইরান রাসায়নিক ও জীবাণু অস্ত্রের বিষয়টিও বিবেচনা করছে। এমন কিছু ঘটলে যুক্তরাষ্ট্র কঠোর ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে যুদ্ধের সূচনা হয়। এর জবাবে ইরান ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি থাকা কয়েকটি দেশে পাল্টা হামলা চালায়। সংঘাতের প্রভাবে প্রাণহানির পাশাপাশি বিশ্ববাজারে তেল ও গ্যাসের দামও বেড়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি