রোহিঙ্গা গণহত্যা মামলায় মিয়ানমারের বিরুদ্ধে ঐতিহাসিক রায় আজ

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর চালানো গণহত্যার অভিযোগে করা মামলার রায় আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঘোষণা করতে যাচ্ছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আদালতের এ রায় আন্তর্জাতিক আইনের ইতিহাসে গুরুত্বপূর্ণ নজির হয়ে উঠতে পারে। কারণ, এখন পর্যন্ত কোনো রাষ্ট্রকে আন্তর্জাতিক আদালতে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয়নি।

২০১৭ সালের আগস্ট ও সেপ্টেম্বরে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর ব্যাপক সামরিক অভিযান চালানো হয়। এ সময় হত্যা, নির্যাতন, ধর্ষণ ও ঘরবাড়িতে অগ্নিসংযোগের শিকার হয়ে কয়েক লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। জাতিসংঘের অনুসন্ধানী দল ও বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রতিবেদনে এসব নৃশংসতার বিস্তারিত উঠে এসেছে।

তবে এসব ঘটনা গণহত্যার পর্যায়ে পড়ে কি না, সেটিই এখন আইসিজের বিবেচনার মূল বিষয়।

২০১৯ সালের নভেম্বরে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি করে। দেশটির অভিযোগ, রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিচালিত অভিযানের মাধ্যমে ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘন করেছে মিয়ানমার রাষ্ট্র।

মামলাটির বিশেষ গুরুত্ব রয়েছে আন্তর্জাতিক আইনে। কারণ, গণহত্যা সনদের আওতায় কোনো রাষ্ট্র সরাসরি ক্ষতিগ্রস্ত না হলেও সনদ লঙ্ঘনের অভিযোগে অন্য রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করার অধিকার রাখে। শুরুতে গাম্বিয়ার মামলা করার এখতিয়ার নিয়ে আপত্তি জানিয়েছিল মিয়ানমার। তবে আন্তর্জাতিক বিচার আদালত সেই আপত্তি খারিজ করে দেয়।

মিয়ানমার বরাবরই গণহত্যা ও জাতিগত নিধনের অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাবেই নিরাপত্তা অভিযান চালানো হয়েছিল। ২০১৮ সালে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, রাখাইনে সেনাবাহিনীর অভিযান প্রকৃত নিরাপত্তা হুমকির তুলনায় অনেক বেশি মাত্রার ছিল। ওই প্রতিবেদনে মিয়ানমারের শীর্ষ সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের তদন্তের সুপারিশ করা হয়।

মামলার শুরুতে মিয়ানমারের পক্ষে আইনি লড়াইয়ে নেতৃত্ব দিয়েছিলেন দেশটির তৎকালীন বেসামরিক সরকারের প্রধান অং সান সু চি। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর সেনাবাহিনী মনোনীত নতুন আইনজীবী দল মামলাটি পরিচালনা করছে।

গণহত্যার অভিযোগ প্রমাণ করা আন্তর্জাতিক আইনে বেশ কঠিন। এ ক্ষেত্রে শুধু হত্যাকাণ্ড বা নির্যাতনের প্রমাণ যথেষ্ট নয়; সংশ্লিষ্ট জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে নিশ্চিহ্ন করার সুনির্দিষ্ট উদ্দেশ্য ছিল, সেটিও প্রতিষ্ঠা করতে হয়।

গাম্বিয়ার আইনজীবীদের দাবি, রোহিঙ্গাদের বিরুদ্ধে দীর্ঘদিনের বৈষম্য, নাগরিকত্বের অধিকার কেড়ে নেওয়া এবং শিক্ষা, স্বাস্থ্যসেবা, জীবিকা ও চলাচলের ওপর বিধিনিষেধ আরোপের বিষয়গুলো গণহত্যার উদ্দেশ্য বোঝার গুরুত্বপূর্ণ প্রমাণ।

আদালত গাম্বিয়ার পক্ষে রায় দিলে তা আন্তর্জাতিক আইনে নজিরবিহীন ঘটনা হিসেবে বিবেচিত হবে। তবে আইসিজের রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ নেই এবং আদালত নিজে কোনো শাস্তি আরোপও করে না।

রোহিঙ্গা জনগোষ্ঠীর কাছে এই রায়ের গুরুত্ব আরও বেশি। কানাডায় বসবাসরত রোহিঙ্গা অধিকারকর্মী মোহাম্মদ নওকিমের মতে, দীর্ঘদিনের নির্যাতন ও দুর্ভোগের আনুষ্ঠানিক স্বীকৃতির জন্য রোহিঙ্গারা বহু বছর ধরে অপেক্ষা করছেন।

বর্তমানে বাংলাদেশের কক্সবাজারের বিভিন্ন শিবিরে ১০ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছেন। তাদের প্রত্যাবাসনের সম্ভাবনাও এখনো অনিশ্চিত। রাখাইন রাজ্যের বড় অংশ বর্তমানে বিদ্রোহী আরাকান আর্মির নিয়ন্ত্রণে। সেখানে চলমান সংঘাত, রোহিঙ্গাদের প্রতি স্থানীয় জনগোষ্ঠীর বিরূপ মনোভাব এবং ধ্বংস হয়ে যাওয়া গ্রামগুলো প্রত্যাবাসনের পথে বড় বাধা হয়ে রয়েছে।

বিশ্লেষকদের মতে, আদালতের রায় রোহিঙ্গাদের ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলেও নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ প্রয়োজন।