সিরাজগঞ্জের এনায়েতপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আশরাফ আলী (৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (২৮ নভেম্বর) রাতে উপজেলার গোপরেখী ফুটানি মার্কেটের একটি চায়ের দোকানে এ হামলার ঘটনা ঘটে। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোররাতে তার মৃত্যু হয়।
নিহত আশরাফ আলী গোপরেখী ধরপাড়া গ্রামের মৃত সোহরাব আলী বাপারীর ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ দৌলতপুর আঞ্চলিক ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছিলেন।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টার দিকে এনায়েতপুর থানার গোপরেখী ফুটানি মার্কেটের ইয়ামিনের চায়ের দোকানে পান খেতে যান আশরাফ আলী। এ সময় ২০ থেকে ৩০ জনের একটি দল ১০ থেকে ১৫টি মোটরসাইকেলে এসে তার ওপর হামলা চালায়। একপর্যায়ে তাঁকে মারধর ও পাঁজরে উপর্যুপরি ছুরিকাঘাত করে বিভিন্ন স্লোগান দিতে দিতে ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারীরা।
খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোররাতে তার মৃত্যু হয়। পরে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে।
নিহতের ছোট ভাই মো. রেজাউল অভিযোগ করেন, বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা তার ভাইকে হামলা চালিয়ে হত্যা করেছেন। তিনি দাবি করেন, রইজ ব্যাপারী, এনায়েতপুর থানা ছাত্রদলের সভাপতি সোহাগ সিকদার, আলামিন শিকদার ও হজরত আলীর নেতৃত্বে ১০ থেকে ১৫টি মোটরসাইকেলে আসা নেতাকর্মীরা এ হামলা চালান। মৃত্যুর আগে তার ভাই হামলাকারীদের কয়েকজনের নাম বলে গেছেন বলেও দাবি করেন তিনি। এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন রেজাউল।
এদিকে, অভিযোগের বিষয়ে এনায়েতপুর থানা ছাত্রদলের সভাপতি সোহাগ সিকদারের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।