মার্কিন বার্তার পরও জাতীয় স্বার্থে কোনো ছাড় নয়: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান-প্রদান চললেও নিজেদের নির্ধারিত শর্ত ও জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো ছাড় দেবে না ইরান। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতিবিষয়ক কমিটির প্রথম সচিব বেহনাম সাঈদি ইয়াং বলেছেন, নির্ধারিত অবস্থান থেকে এক চুলও সরে আসবে না তেহরান।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেহনাম সাঈদি ইয়াং জার্নালিস্টস ক্লাবকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান।

তিনি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা বিনিময় হচ্ছে। তবে জাতীয় স্বার্থ ও নির্ধারিত সীমারেখার প্রশ্নে ইরান কোনো ধরনের ছাড় দেবে না।

সাঈদি জানান, যুক্তরাষ্ট্রের কাছে সাতটি শর্ত দিয়েছে তেহরান। এসব শর্ত মেনে নেওয়ার পাশাপাশি সেগুলোর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। শর্তগুলোর মধ্যে রয়েছে যুদ্ধের সম্পূর্ণ অবসান, নিষেধাজ্ঞা প্রত্যাহার, অর্থনৈতিক অবরোধ তুলে নেওয়া এবং বিদেশে জব্দ থাকা ইরানের অর্থ ও সম্পদ ফেরত দেওয়া।

এ ছাড়া লেবানন পরিস্থিতি এবং প্রতিরোধ অক্ষের বিষয়টিও ইরানের দাবির অন্তর্ভুক্ত বলে জানান তিনি।

ইরানের এই সংসদ সদস্য বলেন, যুক্তরাষ্ট্রকে এসব শর্ত মেনে নিতে হবে। এরপরই কেবল পরবর্তী প্রক্রিয়া এগিয়ে নেওয়ার বিষয়ে বিবেচনা করতে পারে তেহরান।

সূত্র: আলজাজিরা