রায়ের বাজারে আগুনে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির নির্দেশ ববি হাজ্জাজের

রাজধানীর রায়েরবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে জরুরি সহায়তা দেওয়ার পাশাপাশি তাদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে তিনি ক্ষয়ক্ষতি নিরূপণ, ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরি এবং তাদের সহায়তায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

ববি হাজ্জাজ বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র নিরূপণ করতে হবে। কেউ যাতে সহায়তার বাইরে না থাকে, সে জন্য ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পূর্ণাঙ্গ তালিকা তৈরির নির্দেশ দেন তিনি।

প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। এতে প্রায় ১১৭টি ঘর পুড়ে গেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১৫০টি পরিবার। এ ছাড়া বেশ কয়েকটি দোকানও সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ও দোকানপাট ঘুরে দেখার পাশাপাশি প্রতিমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী ঘটনাস্থল থেকেই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। পরে তার দপ্তরকে বিষয়টি জানিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে দ্রুত ত্রাণ ও প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিতে বলেন।

এদিকে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা ঠেকাতে রায়ের বাজার ও আশপাশের এলাকায় অগ্নিঝুঁকি পূর্ণ স্থাপনা চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে সিমেন্টের দেয়ালের ওপর পাকা ছাদের পরিবর্তে বাঁশের কাঠামো ব্যবহার করে টিনের ছাউনি দেওয়া একতলা বাড়ি ও অন্যান্য স্থাপনার তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী। এসব স্থাপনার নির্মাণপদ্ধতি, কাঠামোগত অবস্থা ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থার তথ্যও সংগ্রহ করতে বলা হয়েছে।

এ কাজের জন্য মোহাম্মদপুর থানা ও সংশ্লিষ্ট ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে অগ্নিঝুঁকি পূর্ণ স্থাপনাগুলোর তালিকা ও বিস্তারিত তথ্য প্রস্তুত করে জমা দিতে বলা হয়েছে।