বেনাপোল থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি এবং নিরাপত্তা উদ্বেগের কারণে বেনাপোল স্থলবন্দর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন গন্তব্যে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। এতে বিপাকে পড়েছেন ভারত থেকে দেশে ফেরা যাত্রীরা। বাসের কাউন্টারে এসে নির্ধারিত যানবাহন না পেয়ে অনেকে লোকাল বাস ও ট্রেনে বিকল্প পথে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে বেনাপোল থেকে অধিকাংশ দূরপাল্লার বাসের চলাচল বন্ধ রয়েছে। তবে কলকাতা-ঢাকা রুটে সরাসরি বাস চলাচল স্বাভাবিক আছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কাউন্টার কর্তৃপক্ষ।

শ্যামলী এনআর পরিবহনের বেনাপোল কাউন্টার ব্যবস্থাপক বাবলুর রহমান জানান, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির কারণে কলকাতা-ঢাকা রুট ছাড়া অন্য কোনো দূরপাল্লার বাস বেনাপোল থেকে ছেড়ে যায়নি। বুধবার কলকাতা থেকে আসা দুটি বাস যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। বৃহস্পতিবার কলকাতা থেকে আরও চারটি বাস আসার কথা রয়েছে। ভারত থেকে ফিরে আসা যাত্রীরা এসব বাসে গন্তব্যে যাওয়ার অপেক্ষায় আছেন।

একই বিষয়ে সোহাগ পরিবহনের বেনাপোল কাউন্টারের সিনিয়র ম্যানেজার সহিদুল ইসলাম বলেন, চালক, পরিবহন শ্রমিক ও যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। এ কারণে বাস চলাচলের বিষয়ে কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনার অপেক্ষা করছেন তারা। নির্দেশনা পাওয়া গেলেই পুনরায় বাস চলাচল শুরু হবে।

কাউন্টার সংশ্লিষ্টরা জানান, বৃহস্পতিবার ভোররাত থেকে বৃষ্টিপাত এবং লকডাউন কর্মসূচির কারণে বেনাপোল দিয়ে যাত্রী চলাচলও কমে গেছে। দেশে ফেরা যাত্রীদের একটি অংশ বিকল্প পরিবহন হিসেবে লোকাল বাস ও ট্রেনে যাতায়াতের পরিকল্পনা করছেন।

পরিবহন সংশ্লিষ্টদের দাবি, বুধবার গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে কাউন্টার কর্তৃপক্ষের একাধিক ব্যক্তি জানান, পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জের ওপর দিয়ে ঢাকাগামী বাসের পাশাপাশি কক্সবাজার, সিলেট, চট্টগ্রাম ও রাজবাড়ী রুটের যান চলাচলও বন্ধ রয়েছে। তবে বিশেষ ব্যবস্থায় বিকল্প সড়ক ব্যবহার করে বরিশালগামী বাস চলাচল করছে। অন্যদিকে, বেনাপোল থেকে স্থানীয় রুটের বাস চলাচল স্বাভাবিক রয়েছে।