ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী। প্রেম কিংবা বিয়ে নিয়ে বিভিন্ন সময়ে নানা প্রশ্ন উঠলেও প্রকাশ্যে খুব একটা কথা বলেননি তিনি। তবে এবার তার বিয়ের খবর ঘিরে টালিউডে শুরু হয়েছে আলোচনা। পাত্রের নাম সিদ্ধার্থ দত্ত। তিনি বিনোদনজগতের সঙ্গে যুক্ত নন। সম্প্রতি মিমির বিয়ের একটি আমন্ত্রণপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে কৌতূহল আরও বেড়েছে।
পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতায় বিয়ের আনুষ্ঠানিকতা শেষে পাহাড়ি শহর কালিম্পংয়ে তিন দিনব্যাপী বিশেষ আয়োজন রাখা হয়েছে। পাশাপাশি জলপাইগুড়ির পান্ডাপাড়ায় অভিনেত্রীর মামাবাড়িতেও চলছে বিয়ের প্রস্তুতি। পরিবারের সদস্যদের মধ্যে এ নিয়ে আনন্দ ও ব্যস্ততা দুটোই রয়েছে।
যদিও বিয়ের বিষয়ে এখনো বিস্তারিত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি মিমি।
বিয়ের কার্ডে বিশেষ চমক তিন জন
মিমির বিয়ের আমন্ত্রণপত্র প্রকাশ্যে আসার পর সবচেয়ে বেশি নজর কেড়েছে সেখানে থাকা তিনটি বিশেষ মুখ। বর-কনের পাশাপাশি কার্ডে জায়গা পেয়েছে অভিনেত্রীর প্রিয় তিন পোষ্য কুকুর চিকু জুনিয়র, ম্যাক্স ও জাদু।
মিমির সামাজিক যোগাযোগমাধ্যমের অনুসারীদের কাছে এই তিন পোষ্য বেশ পরিচিত। প্রায়ই তাদের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও প্রকাশ করেন অভিনেত্রী। প্রাণীদের প্রতি তার ভালোবাসার বিষয়টিও অনেক আগে থেকেই পরিচিত। পোষ্যদের নিছক শখের অংশ হিসেবে নয়, পরিবারের সদস্য হিসেবেই দেখেন তিনি। ফলে বিয়ের মতো গুরুত্বপূর্ণ আয়োজনের আমন্ত্রণপত্রে তাদের উপস্থিতি বিশেষ তাৎপর্য বহন করছে।
আনন্দবাজার পত্রিকার একটি প্রতিবেদনেও বিয়ের কার্ডের নকশা নিয়ে মিমির মন্তব্যের কথা উল্লেখ করা হয়েছে। বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে অভিনেত্রী জানান, তিনি কাউকে হতাশ করতে চান না, সব সময় ইতিবাচক থাকতে এবং সবাইকে খুশি রাখতে পছন্দ করেন। তবে এ বিষয়ে সঠিক সময় পর্যন্ত অপেক্ষা করার ইঙ্গিত দেন তিনি। তার এমন বক্তব্য বিয়ের গুঞ্জনে নতুন মাত্রা যোগ করেছে।
কলকাতা ও কালিম্পংয়ে দুই পর্বের অনুষ্ঠান
সংবাদ প্রতিদিনের তথ্য অনুযায়ী, আগামী ২৫ ও ২৬ নভেম্বর কলকাতায় বিয়ের আনুষ্ঠানিকতা হওয়ার কথা রয়েছে। এর আগে শহরটিতেই বাগ্দানসহ বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান আয়োজন করা হবে। এরপর ৩ থেকে ৫ ডিসেম্বর কালিম্পংয়ে চলবে বিয়ের বিশেষ আয়োজন।
অনুষ্ঠান দুটি আলাদা জায়গায় হওয়ায় আত্মীয়স্বজনদেরও ভাগ করে অংশ নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। জলপাইগুড়ির পান্ডাপাড়ায় মিমির মামাবাড়িতে আত্মীয়ের সংখ্যা ৫০ জনের বেশি। তাদের কেউ কলকাতার অনুষ্ঠানে যোগ দেবেন, আবার কেউ কালিম্পংয়ের আয়োজনে উপস্থিত থাকবেন।
সংবাদ প্রতিদিনকে মিমির মামা রাম চক্রবর্তী জানিয়েছেন, ভাগনির বিয়ের খবরে পরিবারের সবাই আনন্দিত। মিমির পছন্দ ও ইচ্ছাকে প্রাধান্য দিয়েই সব আয়োজন করা হচ্ছে। তবে হবু বর সিদ্ধার্থ দত্ত সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দিতে চাননি পরিবারের সদস্যরা।
কে এই সিদ্ধার্থ দত্ত
মিমির সম্ভাব্য জীবনসঙ্গী হিসেবে সিদ্ধার্থ দত্তের নাম সামনে আসার পর তাকে নিয়েও আগ্রহ তৈরি হয়েছে। বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সিদ্ধার্থ বিনোদনজগতের সঙ্গে যুক্ত নন। কয়েকটি প্রতিবেদনে তাকে ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা হিসেবে পরিচয় দেওয়া হয়েছে। তবে তার ব্যক্তিগত জীবন ও পেশাগত পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসেনি।
ছোট পর্দা থেকে বড় পর্দায় মিমির পথচলা
১৯৮৯ সালের ১১ ফেব্রুয়ারি জন্ম নেওয়া মিমি চক্রবর্তীর শৈশবের বড় একটি অংশ কেটেছে জলপাইগুড়িতে। পরবর্তী সময়ে পড়াশোনা ও অভিনয়ের প্রয়োজনে কলকাতায় গেলেও উত্তরবঙ্গের সঙ্গে তার যোগাযোগ অটুট রয়েছে। সুযোগ পেলেই মামাবাড়ি ও পরিচিত এলাকায় ঘুরতে যান তিনি বলে জানিয়েছেন তার মামা রাম চক্রবর্তী।
মডেলিংয়ের মাধ্যমে বিনোদনজগতে যাত্রা শুরু করেন মিমি। তবে ২০১০ সালে প্রচারিত বাংলা ধারাবাহিক ‘গানের ওপারে’-তে পুপে চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান। সংগীতনির্ভর এই ধারাবাহিকের মাধ্যমে বিশেষ করে তরুণ দর্শকদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি।
২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। পরবর্তী সময়ে ‘বোঝে না সে বোঝে না’ ছবিতে অভিনয় করে জনপ্রিয়তার নতুন মাত্রা যোগ করেন। এরপর একের পর এক সিনেমায় কাজ করে নিজের অভিনয়জীবনকে সমৃদ্ধ করেছেন এই অভিনেত্রী।
‘প্রলয়’, ‘যোদ্ধা’, ‘গ্যাংস্টার’, ‘পোস্ত’, ‘ভিলেন’, ‘ড্রাকুলা স্যার’ ও ‘মিনি’র মতো সিনেমায় অভিনয় করেছেন মিমি। রোমান্টিক গল্পের পাশাপাশি থ্রিলার, সামাজিক প্রেক্ষাপট ও ভিন্নধর্মী চরিত্রেও নিজের অভিনয় দক্ষতা তুলে ধরেছেন তিনি।
বাংলাদেশেও মিমির পরিচিতি রয়েছে। বিশেষ করে শাকিব খানের বিপরীতে রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ সিনেমায় অভিনয়ের পর এ দেশের দর্শকদের কাছে তার জনপ্রিয়তা আরও বিস্তৃত হয়। সিনেমাটির ‘দুষ্টু কোকিল’ ও ‘লাগে উড়াধুরা’ গান দুটি দুই বাংলাতেই আলোচনায় আসে।
অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও যুক্ত হয়েছিলেন মিমি। ২০১৯ সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে অংশ নিয়ে জয়ী হন তিনি। এরপর ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ভারতের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।