গোপালগঞ্জের অস্থিতিশীল পরিস্থিতির কারণে নির্ধারিত রেলপথ এড়িয়ে বিকল্প পথে বেনাপোলের উদ্দেশে যাত্রা করেছে ৮২৮ ডাউন রূপসী বাংলা এক্সপ্রেস। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রথমবারের মতো চুয়াডাঙ্গার দর্শনা রেলপথ ব্যবহার করে বেনাপোলের দিকে যায় ট্রেনটি। আকস্মিক এ সিদ্ধান্তে চুয়াডাঙ্গা ও দর্শনা এলাকার রেলপথে তৈরি হয় ব্যতিক্রমী পরিস্থিতি।
রেলওয়ে সূত্র জানায়, পদ্মা সেতু হয়ে ভাঙ্গা জংশন, কাশিয়ানী জংশন, নড়াইল ও যশোর দিয়ে ট্রেনটির বেনাপোলে পৌঁছানোর কথা ছিল। তবে গোপালগঞ্জের কাশিয়ানী জংশন এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হওয়ায় দীর্ঘ সময় ভাঙ্গা জংশন স্টেশনে আটকে থাকে ট্রেনটি। পরে রেলওয়ের কন্ট্রোল রুম থেকে বিকল্প পথে চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, ফরিদপুর, রাজবাড়ী, পোড়াদহ, চুয়াডাঙ্গা, কোটচাঁদপুর ও যশোর হয়ে বেনাপোলের উদ্দেশে রওনা হয় রূপসী বাংলা এক্সপ্রেস। বিকল্প রুটে চলাচলের সময় কোনো স্টেশনে যাত্রাবিরতি না দেওয়ার নির্দেশনা ছিল। ফলে পুরো পথেই ট্রেনটিকে ননস্টপ চলাচল করতে হয়।
চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, গোপালগঞ্জ অঞ্চলের পরিস্থিতির কারণে ট্রেনটির নির্ধারিত রুট পরিবর্তন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ট্রেনটি চুয়াডাঙ্গা স্টেশনে পৌঁছায়। সেখানে অবস্থান না করে পরে দর্শনা হল্ট স্টেশন অতিক্রম করে বেনাপোলের দিকে যাত্রা করে।
এদিকে রূপসী বাংলা এক্সপ্রেসের রুট পরিবর্তনের ঘটনায় চুয়াডাঙ্গা ও দর্শনা এলাকার বাসিন্দা এবং রেলযাত্রীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। বিশেষ করে দর্শনা রেলপথ দিয়ে এই প্রথম ট্রেনটির বেনাপোল যাত্রা স্থানীয়দের কাছে ব্যতিক্রমী অভিজ্ঞতা হয়ে উঠেছে।