খুলনা জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে নগরীর ফারাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে বৃষ্টির কারণে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাত সাড়ে ৭টার দিকে দুর্বৃত্তরা জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। ককটেলটি বিস্ফোরিত হয়ে কিছুক্ষণ জ্বললেও বৃষ্টির কারণে আগুন নিভে যায়।
খুলনা সদর থানার ওসি মো. লোকমান হোসেন রিপন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।