বিজিবিএ’র সংবাদ সম্মেলন

পোশাক খাতে চলমান আন্দোলনে ৩–৪ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে

তৈরি পোশাকশ্রমিকদের চলমান মজুরি আন্দোলনের কারণে এ পর্যন্ত ৩ থেকে ৪ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করছে বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশন (বিজিবিএ)। সংগঠনটির নেতারা বলছেন, দ্রুত পরিস্থিতির উন্নতি না হলে ক্ষতির পরিমাণ প্রতিদিন আরও বাড়বে। এর প্রভাব পোশাকশিল্পের পাশাপাশি পরিবহন, ব্যাংকিং, লজিস্টিকসসহ দেশের সামগ্রিক অর্থনীতিতেও পড়বে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর উত্তরায় বিজিবিএ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সংগঠনটির নেতারা। লিখিত বক্তব্য উপস্থাপন করেন বিজিবিএ সভাপতি মো. আবদুল হামিদ। এ সময় সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ জাকির হোসেন, সহসভাপতি রোমান মিয়া ও এমদাদুল হক মিয়াজীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে আবদুল হামিদ বলেন, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও মূল্যস্ফীতির বর্তমান পরিস্থিতিতে শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি যৌক্তিক। এ বিষয়ে নিম্নতম মজুরি বোর্ডের কার্যক্রম চলমান রয়েছে। শ্রমিকদের জন্য ন্যায়সংগত ও সম্মানজনক এবং একই সঙ্গে কারখানাগুলোর জন্য আর্থিকভাবে বহনযোগ্য একটি সময়োপযোগী মজুরিকাঠামো নির্ধারিত হবে বলে তারা আশা করছেন।

তিনি বলেন, চলমান অস্থিরতার কারণে নতুন পণ্য উৎপাদনের পাশাপাশি আগে থেকে তৈরি পণ্য নির্ধারিত সময়ে জাহাজীকরণও বাধাগ্রস্ত হচ্ছে। আগামী মৌসুমের পণ্য সময়মতো সরবরাহ করা সম্ভব না হলে অতিরিক্ত খরচে আকাশপথে পাঠানোর প্রয়োজন হতে পারে। পাশাপাশি আন্তর্জাতিক ক্রেতারা মূল্যছাড় দেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে পারেন। তবে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো, বিশ্ববাজারে বাংলাদেশের ব্যবসায়িক সুনাম, বিশ্বাসযোগ্যতা ও নির্ভরযোগ্যতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা।

মজুরি আন্দোলনের প্রভাব নতুন ক্রয়াদেশের ওপরও পড়ছে বলে দাবি করেন বিজিবিএ সভাপতি। তার ভাষ্য, চলমান পরিস্থিতির কারণে অনেক আন্তর্জাতিক ক্রেতা বাংলাদেশ থেকে নতুন ক্রয়াদেশ দেওয়ার ক্ষেত্রে সতর্ক অবস্থান নিয়েছেন। কেউ কেউ এ বিষয়ে দ্বিধায় রয়েছেন। ইতিমধ্যে কয়েকটি ক্ষেত্রে ক্রয়াদেশের পরিমাণ কমেছে বলেও জানান তিনি।

আবদুল হামিদ বলেন, এ পরিস্থিতি দীর্ঘায়িত হলে সরাসরি উৎপাদনকারী কারখানাগুলো বড় ধরনের সংকটে পড়বে। অনেক কারখানা তাদের সম্পূর্ণ উৎপাদনক্ষমতা কাজে লাগাতে পারবে না। এমনকি কিছু কারখানাকে উৎপাদন বন্ধের সিদ্ধান্তও নিতে হতে পারে। এতে শিল্পের উৎপাদন সক্ষমতা ও রপ্তানি আয় কমার পাশাপাশি অসংখ্য শ্রমিক এবং তাঁদের পরিবারের জীবিকা ও আর্থিক নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়বে।