রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১১টা ২০ মিনিটের দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। এসআরবির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, আতাউল হক দোলন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য। তার বিরুদ্ধে সাতক্ষীরার শ্যামনগর থানায় হত্যা, বিস্ফোরক দ্রব্য আইন, বিশেষ ক্ষমতা আইন এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগসহ মোট সাতটি মামলা রয়েছে।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর শ্যামনগর থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় (এফআইআর নং-৪, জিআর নং-২৬৭) তার বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২, ৪২৭, ৩৭৯ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
একই বছরের ১৯ জানুয়ারি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আরেকটি মামলা (এফআইআর নং-১৪, জিআর নং-১৪) করা হয়। এতে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮-এর ১৮ ধারা এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৭৩ অনুচ্ছেদ লঙ্ঘনের অভিযোগ রয়েছে।
এ ছাড়া ২০২৫ সালের ৫ জুন শ্যামনগর থানায় বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় (এফআইআর নং-৭, জিআর নং-১৬২) তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৪ ও ৬ ধারা এবং বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩) ও ২৫(ডি) ধারায় অভিযোগ আনা হয়েছে।
২০২৬ সালেও তার বিরুদ্ধে আরও দুটি মামলা দায়ের হয়। এর মধ্যে ১৯ মার্চের মামলায় (এফআইআর নং-১৮, জিআর নং-৬৭) দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩২৫, ৩০৭, ৩৭৯, ৪২৭, ৫০৬ ও ১১৪ ধারার পাশাপাশি বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ও ৫ ধারায় অভিযোগ রয়েছে। একই বছরের ২ জুন দায়ের করা অপর মামলায় (এফআইআর নং-৫, জিআর নং-১৮৫) দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩০৭, ৫০৬, ১১৪ ও ৩৪ ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ও ৫ ধারায় অভিযোগ আনা হয়েছে।
এ ছাড়া ২০০৬ সালের ৫ মে শ্যামনগর থানায় তার বিরুদ্ধে আরও দুটি পৃথক মামলা করা হয়েছিল। এর মধ্যে একটি মামলায় (জিআর নং-১৪৮) দণ্ডবিধির ৩০৭, ১৪৩, ৩২৩, ৩৭৯, ৩৫৪, ৩৮৫ ও ৩৬৩ ধারায় অভিযোগ আনা হয়। অন্য মামলাটি (এফআইআর নং-০৯, জিআর নং-১০৮) দায়ের করা হয়েছিল দণ্ডবিধির ১৪৩, ৪৪৭ ও ৩০৭ ধারায়। ওই মামলায় ২০০৬ সালের ২৬ অক্টোবর ৭০৬ নম্বর চার্জশিট জমা দেওয়া হয়।
গ্রেপ্তারের পর আতাউল হক দোলনের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।