সশস্ত্র বাহিনীর জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণ করলো সরকার

বেসামরিক সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারির প্রায় দুই মাস পর এবার সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য নতুন বেতন ও ভাতা নির্ধারণ করেছে সরকার। নতুন কাঠামোতে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী—এই তিন বাহিনীপ্রধানের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার টাকা। আর সৈনিকদের মূল বেতন হবে ২১ হাজার ৪০০ টাকা।

‘জাতীয় বেতন স্কেল ২০২৬’-এর আলোকে সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য ৮৪ পৃষ্ঠার এই পৃথক বেতন ও ভাতা নির্দেশাবলি গত ১৫ নভেম্বর জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, বেসামরিক সরকারি চাকরিজীবীদের মতো সামরিক বাহিনীর সদস্যদের নতুন মূল বেতনও ধাপে ধাপে কার্যকর হবে, যা ২০২৬ সালের ১ জুলাই থেকে ধরা হয়েছে।

প্রথম ধাপ (প্রথম ৬ মাস): বাহিনীপ্রধান থেকে ওয়ারেন্ট অফিসার পর্যন্ত বর্ধিত মূল বেতনের ৪০ শতাংশ এবং সার্জেন্ট থেকে নিচের পদ ও ক্যাডেটরা ৫০ শতাংশ পাবেন।

দ্বিতীয় ধাপ (পরবর্তী ৬ মাস): বাহিনীপ্রধান থেকে ওয়ারেন্ট অফিসার পর্যন্ত আরও ৩০ শতাংশ এবং সার্জেন্ট থেকে নিচের পদ ও ক্যাডেটরা ২৫ শতাংশ পাবেন।

পূর্ণ বেতন: ২০২৭ সালের ১ জুলাই থেকে সবাই পূর্ণ বেতন পাবেন।

বর্ধিত ভাতা: নতুন হারের ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে। এর আগ পর্যন্ত ২০২৬ সালের ৩০ জুনে প্রচলিত হারেই ভাতা প্রদান করা হবে।

পদমর্যাদা অনুযায়ী নতুন মূল বেতন:

নির্দেশনায় বাহিনীপ্রধান থেকে শুরু করে কমিশন্ড অফিসার, জেসিও, সৈনিক, রিক্রুট ও ক্যাডেটদের জন্য আলাদা বেতনসীমা নির্ধারণ করা হয়েছে। নৌ ও বিমানবাহিনীর সমমর্যাদার সদস্যদের ক্ষেত্রেও একই কাঠামো প্রযোজ্য হবে।

  • বাহিনীপ্রধান (তিন বাহিনী): ১ লাখ ৭২ হাজার টাকা

  • লেফটেন্যান্ট জেনারেল / ভাইস অ্যাডমিরাল / এয়ার মার্শাল: ১ লাখ ৬৪ হাজার টাকা

  • মেজর জেনারেল / রিয়ার অ্যাডমিরাল / এয়ার ভাইস মার্শাল: ১ লাখ ৫৬ হাজার টাকা

  • ব্রিগেডিয়ার জেনারেল (১৭তম বছরে): ১ লাখ ৩২ হাজার ৩০০ টাকা

  • কর্নেল (১৭তম বছরে): ১ লাখ ২৫ হাজার ৩০০ টাকা

  • লেফটেন্যান্ট কর্নেল (১৭তম বছরে): ১ লাখ ২২ হাজার টাকা

  • মেজর (১৭তম বছরে): ১ লাখ ১৭ হাজার ৭০০ টাকা

  • ক্যাপ্টেন (প্রথম বছরে): ৫৮ হাজার টাকা

  • লেফটেন্যান্ট (প্রথম বছরে): ৪৮ হাজার ৩০০ টাকা

  • সেকেন্ড লেফটেন্যান্ট (প্রথম বছরে): ৪৬ হাজার ২০০ টাকা

  • সৈনিক: ২১ হাজার ৪০০ টাকা

এ ছাড়া সেনাবাহিনীর মেডিকেল, ডেন্টাল, প্রকৌশল, সিগন্যালস ও ইএমই কোরের কর্মকর্তাদের জন্যও আলাদা নির্দেশনা রাখা হয়েছে।

মূল বেতনের পাশাপাশি কমান্ড, স্টাফ, চার্জ ও শিক্ষকতা ভাতার হারও বাড়ানো হয়েছে। বাহিনীপ্রধানের জন্য এ ভাতা মাসে ৩ হাজার ৭৫০ টাকা। লেফটেন্যান্ট জেনারেল ও সমমর্যাদার কর্মকর্তারা ২ হাজার ৮৬০ টাকা, মেজর জেনারেল ২ হাজার ৪২১ টাকা, ব্রিগেডিয়ার জেনারেল ২ হাজার ২০০ টাকা, কর্নেল ১ হাজার ৯৮২ টাকা, লেফটেন্যান্ট কর্নেল ১ হাজার ৭৬৪ টাকা, মেজর ১ হাজার ৩৩০ টাকা এবং ক্যাপ্টেন ও তদনিম্ন পর্যায়ে ৮৮০ টাকা ভাতা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি যোগ্যতা ভাতা বাড়িয়ে মাসে ৫৫৪ থেকে ৮৮০ টাকা পর্যন্ত করা হয়েছে।

উড্ডয়ন, বিশেষজ্ঞ ও অন্যান্য ঝুঁকি ভাতা:

উড্ডয়ন ভাতা: সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ও ওপরের পদের পাইলট-ক্রু, নৌবাহিনীর কমান্ডার ও ওপরের কর্মকর্তা এবং বিমানবাহিনীর এয়ার কমোডর ও ওপরের কর্মকর্তারা মাসে ১২ হাজার টাকা উড্ডয়ন ভাতা পাবেন। এর নিচের নির্দিষ্ট পদগুলোর জন্য এ ভাতা ১০ হাজার টাকা এবং বিমানবাহিনীর গ্রাউন্ড প্রশিক্ষকদের জন্য ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

বিশেষজ্ঞ ভাতা: চিকিৎসক কর্মকর্তাদের ক্ষেত্রে মেজর জেনারেল ও তার ওপরের পর্যায়ে ২ হাজার ৮৩০ টাকা, ব্রিগেডিয়ার জেনারেল ২ হাজার ২০০ টাকা, কর্নেল ১ হাজার ৯৮২ টাকা, লেফটেন্যান্ট কর্নেল ১ হাজার ৭৬৪ টাকা এবং মেজর পর্যায়ে ১ হাজার ৩৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যান্য ভাতা: সাবমেরিন ভাতা ৩ হাজার থেকে বাড়িয়ে ৪ হাজার ৫০০ টাকা করা হয়েছে। প্যারাসুট ও স্কুবা ডাইভিং ভাতা ৬৬৪ টাকা থেকে বাড়িয়ে ৭১৫ টাকা এবং স্নাইপার ভাতা ৬৫০ টাকা থেকে বাড়িয়ে ৭১৫ টাকা করা হয়েছে। প্রতিরক্ষা সার্ভিস ভাতা জেনারেল পর্যায়ে ৭ হাজার ২০০ টাকা এবং সেকেন্ড লেফটেন্যান্ট পর্যায়ে ৬ হাজার ৬৯০ টাকা করা হয়েছে। এ ছাড়া কিট ভাতা ১ হাজার ৩২০ টাকা, ব্যাটম্যান ভাতা ১ হাজার ২০০ টাকা, ডিস্টার্ব্যান্স ভাতা ২ হাজার ২০০ টাকা এবং দৈনিক ঝুঁকি ভাতা ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে।

যুক্ত হওয়া নতুন চারটি ভাতা:

নতুন বেতন কাঠামোতে সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য চারটি নতুন ভাতা যুক্ত করা হয়েছে— ১. মোবাইল ভাতা: মেজর ও তার ওপরের কর্মকর্তারা মাসে ৫০০ টাকা এবং ক্যাপ্টেন ও নিচের পদের চাকরিজীবীরা ১৫০ টাকা পাবেন। ২. প্রতিবন্ধী সন্তানের ভাতা: মাসে ৩ হাজার টাকা করে সর্বোচ্চ দুই সন্তানের জন্য এই ভাতা পাওয়া যাবে। ৩. হাওর-দ্বীপ-চর ভাতা: মূল বেতনের ২০ শতাংশ (সর্বোচ্চ ৫ হাজার টাকা)। ৪. তেজস্ক্রিয় ঝুঁকি ভাতা: রাডার ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরতদের মাসে ২ হাজার টাকা করে দেওয়া হবে।