অনন্তের পথে মানুষের একাকী দূত!

ভয়েজার-১! প্রায় অর্ধশতাব্দী ধরিয়া সে ছুটিতেছে অন্ধকার মহাকাশের বুক চিরিয়া। পিছনে পড়িয়া রহিয়াছে তাহার জন্মভূমি পৃথিবী, সূর্য, গ্রহ-উপগ্রহ, পরিচিত সৌরজগৎ। সামনে কী আছে, তাহা সে জানে না। ১৯৭৭ সালের ৫ সেপ্টেম্বর যাত্রা শুরু করিয়াছিল নাসার এই মহাকাশযান। তখন ইহার আয়ুষ্কাল ধরা হইয়াছিল মাত্র পাঁচ বৎসর। অথচ প্রায় ৪৯ বৎসর পর, ২০২৬ সালের ১৮ নভেম্বর, ইহা পৃথিবী হইতে এক আলোক দিবস দূরত্ব অতিক্রম করিয়াছে। অর্থাৎ আলো যে দূরত্ব অতিক্রম করিতে ২৪ ঘণ্টা সময় লয়, ভয়েজার-১ এখন পৃথিবী হইতে সেই দূরত্বে। প্রায় ২৫.৯ বিলিয়ন কিলোমিটার।

শুনিলে মনে হইতে পারে-এক আলোক দিবস এমন কী দূরত্ব! কিন্তু ইহা গভীরভাবে ভাবিয়া দেখিলে চমকাইয়া উঠিতে হয়! পৃথিবী হইতে আমরা যে আলো দেখিতে পাই, তাহা চাঁদ হইতে আসিতে সময় লয় মাত্র ১.৩ সেকেন্ড। সূর্যের আলো আসিতে লাগে প্রায় আট মিনিট ২০ সেকেন্ড। অথচ ভয়েজার-১-এর নিকট একটি বার্তা পাঠাইতে এখন লাগে ২৪ ঘণ্টা। আবার তাহার উত্তর পৃথিবীতে ফিরিয়া আসিতে লাগে আরো ২৪ ঘণ্টা। প্রকৃত অর্থে, আমরা যাহাকে মহাবিশ্ব বলিয়া জানি, তাহার তুলনায় এক আলোক দিবসও কত সামান্য! নিকটতম নক্ষত্রমণ্ডলীর দূরত্ব কয়েক আলোকবর্ষ। আমাদের নিকটতম প্রতিবেশী নক্ষত্র প্রক্সিমা সেন্টোরি প্রায় ৪ দশমিক ২৪ আলোকবর্ষ দূরে। আর ভয়েজার-১-এর সেই দূরত্ব অতিক্রম করিতে লাগিয়াছে প্রায় অর্ধশতাব্দী। এক আলোকবর্ষ দূরে পৌঁছাইতেই ইহার আরো প্রায় ১৮ হাজার বৎসর লাগিবে। মানুষের জীবনকাল, সভ্যতার উত্থান-পতন, সাম্রাজ্যের জন্ম ও মৃত্যু, সকল কিছুর তুলনায় এই সময় যেন এক অবিশ্বাস্য দীর্ঘ প্রতীক্ষা। এইখানেই মানুষের মহত্ত্ব। মানুষ জানে, তাহার শরীর ক্ষণস্থায়ী, জীবন সীমাবদ্ধ, পৃথিবীও মহাবিশ্বের তুলনায় এক বিন্দুমাত্র।

তথাপি সে অজানাকে জানিতে চাহে। যেই আকাশের দিকে একদিন বিস্মিত চোখে তাকাইয়া মানুষ নক্ষত্রের গল্প বানাইত, আজ সেই আকাশের গভীরে সে নিজের দূত পাঠাইতেছে। ভয়েজার-১ সেই অদম্য কৌতূহলেরই এক জীবন্ত স্মারক। আরো বিস্ময়কর, মহাকাশযানটির ভিতরে রহিয়াছে একটি সোনালি রেকর্ড। ৫৫টি ভাষায় মানুষের অভিবাদন, পৃথিবীর নানা প্রাকৃতিক শব্দ, সংগীত, ছবি এবং মানবসভ্যতার পরিচয় বহন করিতেছে সেই রেকর্ড। যেন অজানা কোনো সভ্যতার উদ্দেশে মানুষের এক বার্তা-আমরা ছিলাম, আমাদের পৃথিবী ছিল, এখানে প্রাণ ছিল, ভালোবাসা ছিল, সংগীত ছিল, চিন্তা ছিল। হয়তো কোনো দিন কোনো বুদ্ধিমান প্রাণী ইহা খুঁজিয়া পাইবে। হয়তো কখনোই পাইবে না: কিন্তু পাঠাইবার এই উদ্যোগের মধ্যেই মানুষের এক অসাধারণ মহত্ত্ব রহিয়াছে।

ভয়েজার-১ এখন আন্তঃনাক্ষত্রিক মহাকাশে। সূর্যের চৌম্বকীয় প্রভাববলয় ছাড়াইয়া সে প্রবেশ করিয়াছে নক্ষত্রগুলির মধ্যবর্তী অঞ্চলে। তাহার শক্তি ক্রমশ কমিতেছে। বর্তমানে মাত্র দুইটি বৈজ্ঞানিক যন্ত্র কাজ করিতেছে। নাসার বিজ্ঞানীরা জানেন না, আর কত দিন পৃথিবীতে সংকেত পাঠাইতে পারিবে এই মহাকাশযান। একদিন হয়তো তাহার সহিত আমাদের যোগাযোগ চিরতরে বিচ্ছিন্ন হইবে; কিন্তু তাহার যাত্রা থামিবে না। কোনো এক দূরভবিষ্যতে সে পৌঁছাইবে গ্লিজে ৪৪৫ নামক নক্ষত্রের নিকটবর্তী অঞ্চলে। সেই সময় পৃথিবীর মানুষ, ভাষা, রাষ্ট্র, সভ্যতা, এমনকি আজকের পরিচিত পৃথিবীও হয়তো বহু পরিবর্তিত হইয়া যাইবে। এইখানে ভয়েজার-১ আমাদের একটি অদ্ভুত প্রশ্নের সামনে দাঁড় করায়। আমরা কোথায় যাইতেছি? কেন যাইতেছি? মহাবিশ্বের এই বিপুল শূন্যতার মধ্যে মানুষের অস্তিত্বের অর্থ কী? হয়তো সকল প্রশ্নের উত্তর পাওয়া সম্ভব নহে; কিন্তু প্রশ্ন করিবার ক্ষমতাটুকুই মানুষকে অন্য সকল প্রাণীর তুলনায় স্বতন্ত্র করিয়া তুলিয়াছে।

একদিন পৃথিবীর সমস্ত কোলাহল স্তব্ধ হইয়া যাইবে। মানুষের নির্মিত নগর, সভ্যতা, প্রযুক্তি, ক্ষমতা ও অহংকারের কোনো চিহ্ন হয়তো থাকিবে না। অথচ অন্ধকার মহাকাশে তখনো ছুটিয়া চলিবে ভয়েজার-১। তাহার সোনালি বুকে বহন করিয়া চলিবে আমাদের পৃথিবীর গল্প।