৪৬ বছর বয়সে রোনালদিনহোর মাঠে ফেরাকে ‘প্রহসন’ ও ‘লজ্জাজনক’ বললেন আন্তোনিও ক্যাসানো

৪৬ বছর বয়সে প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো। তবে তার এই প্রত্যাবর্তনকে সবাই ইতিবাচকভাবে নেননি। ইতালির সাবেক স্ট্রাইকার আন্তোনিও ক্যাসানো রোনালদিনহোর মাঠে ফেরাকে সরাসরি ‘প্রহসন’ ও ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন।

গত রোববার ইতালির তৃতীয় বিভাগের দল রাভেন্নার হয়ে খেলতে নামেন ২০০৫ সালের ব্যালন ডি’অরজয়ী এই মহাতারকা, যিনি ক্লাবটির সহমালিকও। ফরলির বিপক্ষে রাভেন্নার ২-০ গোলের জয়ের ম্যাচে প্রথমার্ধের ৪৫ মিনিট খেলেন রোনালদিনহো এবং দলের প্রথম গোলের আক্রমণেও অবদান রাখেন।

তবে রোনালদিনহোর এই বয়সে মাঠে ফেরার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন রিয়াল মাদ্রিদ, এসি মিলান ও রোমার সাবেক ফরোয়ার্ড আন্তোনিও ক্যাসানো। ‘ভিভা ফুটবল’ অনুষ্ঠানে তিনি বলেন, ‘একজন মানুষ ও খেলোয়াড় হিসেবে রোনালদিনহোর প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে। আমার চোখে সে ইতিহাসের সেরা পাঁচ ফুটবলারের একজন। মেসি, ম্যারাডোনা, রোনালদো ও সম্ভবত পেলের সঙ্গে একই কাতারে রাখব তাকে।’

কিংবদন্তি হিসেবে প্রশংসা করার পরপরই রোনালদিনহোর সাম্প্রতিক পদক্ষেপের কড়া সমালোচনা করেন ক্যাসানো। তিনি বলেন, ‘কিন্তু সম্প্রতি সে যা করেছে, তা দেখতে খুবই খারাপ লেগেছে। ৪৬ বছর বয়সে, ওই অবস্থায় মাঠে নেমে সে কী করতে চেয়েছিল? আমি বুঝতে পারিনি।’

রোনালদিনহোর রাভেন্নায় খেলার পেছনে ক্লাব সভাপতি ইগনাজিও চিপ্রিয়ানির সঙ্গে বন্ধুত্ব এবং অর্থনৈতিক কারণ রয়েছে বলে মনে করেন ক্যাসানো। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার কাছে এটি হাস্যকর এক প্রহসন। এর অন্য কোনো ব্যাখ্যা খুঁজে পাই না।’

নিজের অবস্থান স্পষ্ট করে ক্যাসানো আরও বলেন, ‘আমাকে ১০ মিলিয়ন দিলেও আমি এমন কিছু করতাম না, ২০ মিলিয়ন দিলেও না। রোনালদিনহো সব সময় বিনয়ী ছিল, সে ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়। তাই ঘটনাটি আমাকে অবাক করেছে। আমার কাছে এটি লজ্জাজনক।’