রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের আরও একটি চালান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকায় পৌঁছেছে। শুক্রবার (২০ নভেম্বর) সকালে সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরি প্রকল্প এলাকায় পৌঁছায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউরেনিয়ামবাহী গাড়িবহর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে যাত্রা শুরু করে। সেনাবাহিনী, এসআরবি, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তায় সড়কপথে এসব পারমাণবিক জ্বালানি প্রকল্প এলাকায় নেওয়া হয়।
গাড়িবহরের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ঢাকা থেকে রূপপুর পর্যন্ত বিভিন্ন সড়কে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। এ সময় সংশ্লিষ্ট জেলাগুলোর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। গাড়িবহরের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়কে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হয়।
রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানিয়েছিল, রূপপুর কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য আরও দুটি কার্গোতে ৪৮টি অ্যাসেম্বলি বাংলাদেশে আনার পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে নয়টি চালানে এসব পারমাণবিক জ্বালানি দেশে আনার কথা রয়েছে।
এর আগে গত ১৭ নভেম্বর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হয়। প্রকল্পসংশ্লিষ্টরা আশা করছেন, পরীক্ষামূলক কার্যক্রম শেষে আগামী জানুয়ারিতে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।