বৃষ্টিস্নাত ক্যাম্পাসে নবান্নের উৎসব, ধামাইলে মাতলেন মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা

মৌলভীবাজার সরকারি কলেজে বাংলা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব-১৪৩৩। সাহিত্য ক্লাবের উদ্বোধন, পিঠাপুলির পসরা, গান, নাচ ও আবৃত্তিতে উৎসবমুখর হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস।

পল্লিবাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে মৌলভীবাজার সরকারি কলেজে উদ্‌যাপিত হয়েছে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব-১৪৩৩। কলেজের বাংলা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত দিনব্যাপী এ উৎসবকে দুটি পর্বে ভাগ করা হয়। প্রথম পর্বে বাংলা বিভাগের সাহিত্য ক্লাব ‘প্রতিযোগ সৃজন’-এর শুভ উদ্বোধন করা হয়। দ্বিতীয় পর্বে নবান্ন উপলক্ষে আয়োজন করা হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মনছুর আলমগীর। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আজকাল এসব উৎসব প্রায় হারিয়ে যাওয়ার মতো। বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের ধন্যবাদ এমন আয়োজনের জন্য।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মো. আব্দুল হালিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুল মালিক, অধ্যাপক সত্যজিৎ দেব, অধ্যাপক বনশ্রী চন্দ এবং শিক্ষক পরিষদের সম্পাদক তারিকুজ্জামান ভূঁইয়া।

WhatsApp Image 2026-11-20 at 11.37.25 AM

শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও দর্শনার্থীদের পদচারণে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাসে। উৎসব উপলক্ষে বসানো হয়েছিল ছয়টি ভিন্নধর্মী স্টল—‘পল্লীর পসরা’, ‘মৃত্তিকা’, ‘কাব্যকণিকা’, ‘নবান্নের পিঠালয়’, ‘বিচিত্রা’ ও ‘হেনা কর্নার’। প্রতিটি স্টলেই ছিল নিজস্ব আয়োজন ও বৈচিত্র্য।

‘মৃত্তিকা’ স্টলে স্থান পায় হাতে তৈরি নারীদের ব্যবহারের নানা অলংকার। ‘বিচিত্রা’ ও ‘নবান্নের পিঠালয়’ স্টলে ছিল বাহারি পিঠার সমাহার। শঙ্খলতিকা, দুধপুলি ও মালপোয়াসহ নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠার পাশাপাশি কয়েকটি স্টলে পাওয়া যায় ফুচকা ও হাতে তৈরি কেক। ‘কাব্যকণিকা’ স্টলে ছিল দেশি-বিদেশি গল্প ও উপন্যাসের বই। অন্য একটি স্টলে দর্শনার্থীদের হাতে মেহেদি পরিয়ে দেওয়া হয়। প্রতিটি স্টলেই দর্শনার্থীদের ছিল উপচে পড়া ভিড়।

কলেজের মুক্তমঞ্চে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, আবৃত্তি ও নৃত্যের মধ্য দিয়ে ফুটে ওঠে গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতির নানা অনুষঙ্গ। সারাদিনের ঝিরিঝিরি বৃষ্টিও উৎসবের আনন্দে ভাটা ফেলতে পারেনি। বরং বৃষ্টিস্নাত ক্যাম্পাসে দর্শনার্থীদের উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসবে যোগ করে ভিন্ন মাত্রা।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সিলেট অঞ্চলের ঐতিহ্যবাহী ধামাইল নৃত্য। মরমি কবি রাধারমনের ‘আমি রবো না রবো না গৃহে, বন্ধু বিনে প্রাণ বাঁচে না’ গানের তালে কলেজের মাঠে ধামাইল পরিবেশন করেন শিক্ষার্থীরা। তাঁদের সঙ্গে ধামাইলে অংশ নেন শিক্ষকেরাও। শিক্ষক-শিক্ষার্থীদের এমন সম্মিলিত অংশগ্রহণে উৎসবের আনন্দ হয়ে ওঠে আরও প্রাণবন্ত।

লোকজ ঐতিহ্য, সাহিত্য ও সংস্কৃতির মেলবন্ধনে আয়োজিত এ নবান্ন উৎসব যেন নতুন করে মনে করিয়ে দিল বাংলার শেকড় ও গ্রামীণ সংস্কৃতির সমৃদ্ধির কথা।