চরমোনাই পীরের বক্তব্যের ব্যাখ্যা দিলো ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের (পীর সাহেব চরমোনাই) সাম্প্রতিক একটি বক্তব্য খণ্ডিত ও বিকৃতভাবে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে দাবি করেছে দলটি। দলটির ভাষ্য, বক্তব্যের একটি অংশ বিচ্ছিন্নভাবে প্রচার করে পীর সাহেব চরমোনাই আওয়ামী লীগকে স্বাভাবিক রাজনৈতিক পরিসরে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন বলে যে ধারণা দেওয়া হচ্ছে, তা সঠিক নয়।

শুক্রবার (২০ নভেম্বর) দলটির কেন্দ্রীয় সদস্য কেএম শরীয়াতুল্লাহর পাঠানো এক বিবৃতিতে এ দাবি করা হয়। একই সঙ্গে বক্তব্যের পূর্ণাঙ্গ প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে সংবাদ পরিবেশনের জন্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, পীর সাহেব চরমোনাই তার বক্তব্যে আওয়ামী লীগের বর্তমান কর্মকাণ্ড, সহিংসতা, অগ্নিসংযোগ ও প্রাণহানির তীব্র সমালোচনা করেছেন। এসব ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধের বিষয়ে তিনি সুস্পষ্ট অবস্থান জানিয়েছেন।

এতে আরও বলা হয়, রাজনৈতিক কর্মকাণ্ড হতে হবে দেশের স্বার্থে ও মানুষের কল্যাণে। কোনো দল বা গোষ্ঠীর কর্মকাণ্ডে দেশ ও রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি হলে তা গ্রহণযোগ্য নয়। প্রয়োজনে সংশ্লিষ্ট পক্ষগুলোর আলোচনার মাধ্যমে সংকটের সমাধান করা উচিত বলেও তিনি উল্লেখ করেছেন।

বিবৃতিতে দাবি করা হয়, বক্তব্যের একটি অংশ বিচ্ছিন্নভাবে উপস্থাপন করে পীর সাহেব চরমোনাই আওয়ামী লীগকে স্বাভাবিক রাজনৈতিক পরিসরে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন কিংবা দলটির কর্মকাণ্ডকে বৈধতা দিয়েছেন বলে প্রচার করা হচ্ছে। অথচ এমন ধারণা তার বক্তব্যের মূলভাব ও প্রেক্ষাপটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

দলটি জানায়, পীর সাহেব চরমোনাই বক্তব্যের শেষাংশে স্পষ্ট করেছেন, তাদের কর্মকাণ্ড হতে হবে ইসলাম ও দেশের স্বার্থে, কোনো ব্যক্তি বা দলীয় স্বার্থে নয়।

গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বক্তব্যের পূর্ণাঙ্গ প্রেক্ষাপট ও মূলভাব বিবেচনায় নিতে হবে। ইতিমধ্যে প্রকাশিত বিভ্রান্তিকর শিরোনাম ও ফটোকার্ড সংশোধন করতে হবে। পাশাপাশি যাচাই-বাছাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো অপব্যাখ্যা বা উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণায় অংশ না নেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।