রাতে নিজ ঘরে ঘুমিয়েছিলেন শেফালী, সকালে পানের বরজে মিললো মরদেহ

রাজশাহীর মোহনপুরে নিজ বাড়ির পাশের পান বরজ থেকে শেফালী নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

নিহত শেফালী বেগম (৪২) উপজেলার করিশা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার রাতের খাবারের পর নিজ ঘরে ঘুমাতে যান শেফালী। রাত আনুমানিক আড়াইটার দিকে বাড়ির বাইরে শব্দ শুনে তার ছেলে নবাব আলীর ঘুম ভেঙে দেখেন তার মা ঘরে নেই। তবে বাইরে বেরিয়ে দেখেন, বাড়ির মূল ফটক বন্ধ। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের পানের বরজে মায়ের লাশ দেখতে পান নবাব আলী।

মোহনপুর থানার ওসি আতিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন তৈরির পর মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার কাজ চলছে।