কুষ্টিয়ায় ভাঙারির দোকানে ক'কটেল বি'স্ফোরণ, আহত ২

কুষ্টিয়া শহরের মজমপুর রেললাইন এলাকায় একটি ভাঙারির দোকানে ককটেল বিস্ফোরণে দুজন আহত হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) বেলা ৩টার দিকে দোকানে ভাঙারি মালামালভর্তি বস্তা থেকে জিনিসপত্র নামানোর সময় এ বিস্ফোরণ ঘটে। আহত দুজনকে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত ব্যক্তিরা হলেন- কুষ্টিয়া শহরের কোটপাড়া এলাকার জব্বার হোসেনের ছেলে সুমন মিয়া (২৫) এবং জগতি পালপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে রুহুল আমিন (৪২)। রুহুল আমিন ওই ভাঙারির দোকানের মালিক।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে সুমন একটি বস্তায় ভাঙারি মালামাল নিয়ে বিক্রির উদ্দেশ্যে রুহুল আমিনের দোকানে যান। পরে দোকানে থাকা লোহার স্কেল মেশিনে বস্তার মালামাল ওজন করা হয়। ওজন শেষে বস্তা থেকে মালামাল নামানোর সময় লাল টেপে মোড়ানো একটি বস্তু মাটিতে পড়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে দোকানে থাকা সুমন ও রুহুল আমিন আহত হন।

দোকানমালিক রুহুল আমিন জানান, মালামাল ওজন করার পর বস্তাটি নামানোর সঙ্গে সঙ্গেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বস্তার ভেতরে কী ছিল, তা তিনি জানতেন না।

বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় পরে তাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ইকবাল হাসান জানান, বিস্ফোরণে সুমনের ডান পায়ে তুলনামূলক বেশি আঘাত লেগেছে। রুহুল আমিনের পায়েও আঘাত রয়েছে। হাসপাতালে ভর্তি করে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ওসি মো. জাকির হোসেন জানান, বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি ককটেল বিস্ফোরণ বলে জানা গেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় আলামত সংগ্রহের চেষ্টা চলছে।

আহত দুজন পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান মো. জাকির হোসেন। সুস্থ হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। উদ্ধার করা আলামত ও তাদের বক্তব্য বিশ্লেষণ করে বিস্ফোরণের ধরন এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।