দক্ষিণ এশিয়ায় প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক উচ্চশিক্ষা নেতৃত্বের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশ্বিক প্ল্যাটফর্ম ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের (আইএইউপি) সেমি-অ্যানুয়াল মিটিং ২০২৬। এ সম্মেলনের আয়োজন করছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)।
শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর বনানীতে শেরাটন হোটেলে সম্মেলনের উদ্বোধন করা হয়।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ২৫ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী রজতজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে আয়োজিত এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় নেতৃত্ব অংশ নিচ্ছেন। এর মধ্য দিয়ে বাংলাদেশের উচ্চশিক্ষা খাতের সঙ্গে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর যোগাযোগ, জ্ঞান বিনিময় ও সহযোগিতা সম্প্রসারণের সুযোগ তৈরি হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতিসংঘের প্রশিক্ষণ ও গবেষণা ইনস্টিটিউটের (ইউনিটার) ডিভিশন ফর পিপল অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্টের পরিচালক এবং সিফাল গ্লোবাল নেটওয়ার্কের ব্যবস্থাপনা পরিচালক আলেকজান্ডার এ মেজিয়া।
এ সময় উপস্থিত ছিলেন আইএইউপির প্রেসিডেন্ট ড. শন চেন, ইউরেশিয়ান ইউনিভার্সিটিজ ইউনিয়নের (ইউরাস) প্রেসিডেন্ট অধ্যাপক ড. মুস্তাফা আইদিন এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান এবং আইএইউপির ২০২৭-২০৩০ মেয়াদের ট্রেজারার পদে নির্বাচিত ড. মো. সবুর খান। এ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশের শতাধিক বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, ভাইস চ্যান্সেলর, রেক্টর, শিক্ষাবিদ, উচ্চশিক্ষা খাতের নীতিনির্ধারক ও শীর্ষস্থানীয় প্রতিনিধিসহ দুই শতাধিক অতিথি অনুষ্ঠানে অংশ নেন।
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেন, একটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে তার তরুণ প্রজন্মের শিক্ষা ও দক্ষতার ওপর। বাংলাদেশের বিশাল তরুণ জনগোষ্ঠীকে বিশ্বমানের শিক্ষা ও যোগ্যতায় গড়ে তুলতে উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো প্রয়োজন। এ সম্মেলন বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় নেতৃত্বকে একত্রিত করেছে, যা পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়, জ্ঞানচর্চা এবং বাংলাদেশের উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এবং ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মো. সবুর খান বলেন, শিক্ষার্থীদের জন্য বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ ক্লাস, গবেষণা, বিনিময় কর্মসূচি ও শিল্পপ্রতিষ্ঠানভিত্তিক প্রকল্পের সুযোগ বাড়াতে চান তারা। এর মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করার পাশাপাশি নিজেদের গবেষণা ও উদ্ভাবনী কাজ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার সুযোগ পাবেন।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক সহযোগিতার সুফল শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে সরাসরি পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য। পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) জন্য এ আয়োজন আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময় এবং বাংলাদেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি করবে।
দক্ষিণ এশিয়ায় প্রথমবারের মতো আইএইউপির এ আয়োজনের স্বাগতিক হিসেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের উচ্চশিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও আন্তর্জাতিক সহযোগিতার সক্ষমতা বিশ্বমঞ্চে তুলে ধরছে। একই সঙ্গে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর কার্যকর যোগাযোগ ও সহযোগিতার সেতুবন্ধ তৈরিতে কাজ করছে বিশ্ববিদ্যালয়টি। এ আয়োজন বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর বৈশ্বিক সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা সহযোগিতার সম্ভাবনাময় গন্তব্য হিসেবে দেশকে প্রতিষ্ঠার সুযোগ তৈরি করবে।
এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘টেকসই, উদ্ভাবনী ও কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ভবিষ্যতের জন্য উচ্চশিক্ষার রূপান্তর’। ১৯ থেকে ২১ নভেম্বর তিন দিনব্যাপী এ আয়োজনে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, উদ্যোক্তা তৈরি, উচ্চশিক্ষায় নারীর অংশগ্রহণ, টেকসই ক্যাম্পাস, উন্মুক্ত বিজ্ঞান ও গবেষণা এবং ভবিষ্যতের শিক্ষাব্যবস্থার রূপান্তর নিয়ে আলোচনা হচ্ছে। সম্মেলনের বিভিন্ন পর্ব অনুষ্ঠিত হচ্ছে ড্যাফোডিল প্লাজা, ধানমন্ডি; শেরাটন বনানী, ঢাকা এবং ড্যাফোডিল স্মার্ট সিটি, বিরুলিয়া, সাভারে।
সম্মেলনে আন্তর্জাতিক উচ্চশিক্ষা নেতৃত্বের অভিজ্ঞতা, গবেষণা ও উদ্ভাবনের সম্ভাবনা এবং ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্রগুলো গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, যৌথ গবেষণা, যৌথ একাডেমিক কার্যক্রম, সমঝোতা স্মারক স্বাক্ষর এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে গবেষণাভিত্তিক সহযোগিতার নতুন সুযোগ তৈরিতে গুরুত্ব দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করে সম্ভাব্য সহযোগিতাকে বাস্তব একাডেমিক উদ্যোগে রূপান্তর করাও এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
সম্মেলন উপলক্ষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিশেষ প্রদর্শনীতে শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্ভাবন, গবেষণার বাস্তব প্রয়োগ, ডিজিটাল শিক্ষায় প্রবেশাধিকার এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতার বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হচ্ছে। আগামী ২১ নভেম্বর আন্তর্জাতিক প্রতিনিধিরা ড্যাফোডিল স্মার্ট সিটি ক্যাম্পাস পরিদর্শন করবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে ‘ঐতিহ্যের হাট’। এতে বাংলাদেশের ৬৪ জেলার ঐতিহ্য, সংস্কৃতি ও বৈচিত্র্য তুলে ধরা হবে, যা আন্তর্জাতিক অতিথিদের সামনে দেশের সাংস্কৃতিক পরিচয় ও সম্ভাবনা তুলে ধরবে।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এ আয়োজনের উদ্দেশ্য শুধু আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর সক্ষমতা, অর্জন ও সম্ভাবনাকে আন্তর্জাতিক উচ্চশিক্ষা নেতৃত্বের সামনে তুলে ধরা এবং দেশীয় প্রতিষ্ঠানগুলোর জন্য বৈশ্বিক সহযোগিতার নতুন দ্বার উন্মুক্ত করাও এর অন্যতম লক্ষ্য। এর মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের আন্তর্জাতিক পর্যায়ে জ্ঞান বিনিময়, গবেষণা সহযোগিতা এবং বৈশ্বিক একাডেমিক নেটওয়ার্কে যুক্ত হওয়ার সুযোগ তৈরি হবে।
বিশ্বমঞ্চে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোকে আরও দৃশ্যমান করা এবং উচ্চশিক্ষা ও গবেষণার নতুন সম্ভাবনা তৈরিতে আন্তর্জাতিক সহযোগিতার কার্যকর সংযোগস্থল হিসেবে কাজ করতে চায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আইএইউপি সেমি-অ্যানুয়াল মিটিং ২০২৬ এ লক্ষ্য অর্জনে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে বলে আশা করছে বিশ্ববিদ্যালয়টি।