সবাই মিলে দুর্বৃত্তদের প্রতিহত করতে হবে: অর্থমন্ত্রী

দুর্বৃত্তরা দেশের অর্থনৈতিক অগ্রগতি বাধাগ্রস্ত করতে চাইছে। সবাই মিলে তাদের প্রতিহত করতে হবে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, দুর্বৃত্তদের প্রতিহত করার কাজ সরকার, রাজনীতিবিদ ও ব্যবসায়ী সবার। এটি সবার স্বার্থে, শুধু সরকারের স্বার্থে নয়।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে চিটাগাং চেম্বার আয়োজিত ৩২তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার (সিআইটিএফ) উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, বিগত সময়ে অর্থনীতি কিছু মানুষের হাতে পুঞ্জীভূত ছিল; সেখান থেকে বেরিয়ে আসতে চান তারা। দেশের প্রত্যেক মানুষকে সঙ্গে নিয়ে অর্থনৈতিক অগ্রগতির পথে এগোতে হবে। শুধু রাজনীতির গণতন্ত্রায়নের মাধ্যমে কোনো দেশ এগোতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে হবে, যাতে প্রতিটি মানুষ এতে অংশ নিতে পারে এবং এর সুফল ভোগ করতে পারে। এর জন্য দেশকে স্থিতিশীল রাখা জরুরি। স্থিতিশীলতা থাকলে অর্থনৈতিকভাবে ‘টেকঅফ’ করা সম্ভব।

তার আশা, সরকারের পাঁচ বছর শেষে সবার জন্য কর্মসংস্থান ও ব্যবসা-বাণিজ্যের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা সফলভাবে পূরণ করা যাবে।

বিশেষ অতিথি চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামকে নিরাপদ রাখা হবে এবং ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করা হচ্ছে। প্রতিটি ওয়ার্ডে গ্রিন ক্লাব গঠন করতে হবে।

তার ভাষ্য, সিটি করপোরেশন একসময় ঋণের ভারে জর্জরিত ছিল; দেনা শোধ করে এখন দেড়শ কোটি টাকা জমা আছে।

তিনি অর্থমন্ত্রীর প্রতি চট্টগ্রামকে সিটি গভর্নমেন্টের আওতায় আনার আহ্বান জানান।

চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক চট্টগ্রাম বিমানবন্দর, বন্দর ও কাস্টম হাউস নিয়ে অর্থমন্ত্রীর পরিকল্পনা জানতে চান। চেম্বারের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমেদ বলেন, মেলার উদ্দেশ্য ছিল চট্টগ্রামের মানসম্পন্ন শিল্পপণ্য প্রদর্শন। প্রথম মেলা জিমনেশিয়াম মাঠে তিন দিনের জন্য হয়েছিল। তিনি ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ তিন ঘণ্টায় নামিয়ে আনার প্রস্তাব দেন, এতে আকাশপথের চাপ কমবে বলে মত তার।

সিআইটিএফের চেয়ারম্যান ও চেম্বার পরিচালক এসএম সাইফুল আলম মেলার আয়োজনে সাবেক সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরীর ভূমিকার প্রশংসা করেন। একমাসব্যাপী এ মেলায় তিনি চট্টগ্রামবাসীকে আমন্ত্রণ জানান। চেম্বারের সিনিয়র সহসভাপতি আমজাদ হোসেন চৌধুরী মেলার জন্য একটি স্থায়ী ভেন্যু নির্মাণে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

অনুষ্ঠানে চেম্বার সভাপতি প্রধান অতিথিকে ফুল ও ক্রেস্ট উপহার দেন। চসিক প্রশাসককে সিনিয়র সহসভাপতি এবং গেস্ট অব অনার আবু সুফিয়ানকে সহসভাপতি মশিউল আলম স্বপন ফুল ও ক্রেস্ট দেন।