পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করা যেকোনো শিক্ষার্থীর জন্যই এক অনন্য অর্জন। সেই কঠিন সাধনায় নজরকাড়া সাফল্য দেখিয়েছে চাঁদপুরের দুই শিশু শিক্ষার্থী। একই মাদরাসার হিফজ বিভাগে পড়ে একজন মাত্র ৯ মাস ১০ দিনে এবং অপরজন ১৪ মাসে সম্পূর্ণ কোরআন মুখস্থ করে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে। তাদের এই কৃতিত্বে পরিবার, শিক্ষক ও মাদরাসা সংশ্লিষ্টদের মধ্যে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে।
চাঁদপুর শহরের ওয়ারলেস বাজার এলাকায় অবস্থিত ‘জামিয়া ইসলামিয়া ফজলুল উলুম মাদরাসা ও এতিমখানা’-এর হিফজ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ হোসাইন আহমদ ও মোহাম্মদ ইকরাম প্রধানীয়া এই সাফল্য পেয়েছে।
মোহাম্মদ হোসাইন আহমদ: মাত্র ৯ মাস ১০ দিনের নিরলস অধ্যবসায়ে সম্পূর্ণ কোরআন মুখস্থ করে বিশেষ কৃতিত্ব দেখিয়েছে।
মোহাম্মদ ইকরাম প্রধানীয়া: ১৪ মাসের মধ্যে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে।
মাদরাসার পরিচালক মাওলানা আল আমিন জানান, কোমলমতি শিক্ষার্থীদের কোরআনের হাফেজ হিসেবে গড়ে তুলতে প্রতিষ্ঠানে যত্ন, স্নেহ-মমতা ও আন্তরিকতার সঙ্গে পাঠদান করা হয়। শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা বিকাশের পাশাপাশি ইলম, আমল ও নৈতিক শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয়ে তাদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা চলছে বলেও জানান তিনি।
ওলামায়ে কেরাম, অভিভাবক ও স্থানীয়দের সহযোগিতা অব্যাহত থাকলে ভবিষ্যতেও এমন সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মাদরাসা পরিচালক।