জুলাইয়ের পক্ষের দলগুলোর মধ্যে দ্রুত সংলাপের তাগিদ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ও নাশকতা রাজনৈতিকভাবে মোকাবিলায় জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক-অরাজনৈতিক শক্তিগুলোর মধ্যে দ্রুত সংলাপ আয়োজনের জন্য সরকারকে তাগিদ দিয়েছে বিরোধী দল-জোটগুলো। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐক্যের ডাকে সাড়া দিয়ে তারা এই তাগিদ দিয়েছেন। সংলাপের বিষয়ে ক্ষমতাসীন বিএনপি আগ্রহী হলেও এর দিনক্ষণ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে, চলতি মাসের শেষদিকে এই সংলাপ হওয়ার সম্ভাবনা রয়েছে।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে সংসদের ভেতরে-বাইরের গণতান্ত্রিক শক্তিকে একমঞ্চে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে এই ডাক দিয়ে তিনি বলেছেন, ‘কথা একটাই—দেশে পতিত পরাজিত বিতাড়িত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান ঠেকাতে এবং দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত রুখে দিতে এই মুহূর্তে প্রয়োজন দলমত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে চব্বিশের মতো এক মঞ্চে এসে দাঁড়াতে হবে।’ সরকারপ্রধান এ-ও বলেছেন, ‘আসুন ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর এবং ৫ আগস্টের চেতনায় পতিত পরাজিত তাবেদার অপশক্তির বিরুদ্ধে আমরা সবাই এক মঞ্চে দাঁড়াই।’

বুধবার সংসদে প্রধানমন্ত্রী এই বক্তব্য দেওয়ার আগে তিনি সংসদ ভবনে নিজ কার্যালয়ে একান্তে বৈঠক করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. মো. শফিকুর রহমানের সঙ্গে। ঐদিন মাগরিবের নামাজের আগে বিরোধীদলীয় নেতাকে ফোন করে চা পানের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী।    

পরে সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই নেতার মধ্যে প্রায় ১৫ মিনিট আলোচনা হয়। সেখানে শুধু প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা ছিলেন। জানা গেছে, সেখানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ে তোলার কথা বলা হয়। একই সঙ্গে তিনি সর্বদলীয় মিছিল করার বিষয়ে কথা বলেন। বিরোধীদলীয় নেতা গণমিছিল না করে প্রধানমন্ত্রীকে ফ্যাসিবাদবিরোধী ঐক্য সমুন্নত রাখা ও ফ্যাসিবাদের মূলোত্পাটন করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করার পরামর্শ দিয়েছেন। বিরোধীদলীয় নেতার কথা মনোযোগ দিয়ে শুনেছেন প্রধানমন্ত্রী, তবে তাত্ক্ষণিক কোনো সিদ্ধান্ত জানাননি।

জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক আমার বাংলাদেশ (এবি) পার্টিও দ্রুত সংলাপ আয়োজন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গতকাল শুক্রবার রাজধানীতে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবিলায় জুলাইয়ের শক্তিগুলোর মধ্যে এই মুহূর্তে সংলাপের বিকল্প নেই।’

দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতি নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈযদ মুহাম্মদ রেজাউল করীম পীরসাহেবও বলেছেন, ‘প্রয়োজনে সংশ্লিষ্ট রাজনৈতিক পক্ষগুলোকে আলোচনায় বসে দেশের স্বার্থে সংকটের সমাধান করতে হবে।’

পুনরায় ঐক্য গড়তে গণভোটের রায় বাস্তবায়নের শর্ত জামায়াত জোটের

প্রধানমন্ত্রীর ঐক্যের ডাকে সাড়া দিলেও বিরোধী দল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের শর্ত দিয়েছে। এটিকেই তারা ঐক্যের ভিত্তি বলছেন। তবে, তাদের শর্ত পূরণ করা না করার বিষয়ে বিএনপির পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি। জামায়াতের একজন সংসদ সদস্য জানান, বুধবার সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকে বিরোধীদলীয় নেতা বলেছেন—জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ে উঠেছিল। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা রুখে দিতে এবং দেশের প্রয়োজনে সেই ঐক্য আরো সুদৃঢ় হতে পারে। তিনি ফ্যাসিবাদবিরোধী ঐক্য সৃদৃঢ় করতে প্রধানমন্ত্রীকে জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর ঐক্যের প্রস্তাবের পরদিন বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে বৈঠকে বসেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। বৈঠক শেষে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, সরকারপ্রধানের ডাকে ঐক্যের বিষয়ে প্রাথমিকভাবে সাড়া দিয়েছেন বিরোধীদলীয় নেতা। এরপর সরকার গণভোটকে উপেক্ষা করার মনোভাব থেকে সরে আসবে বলে আশা করে ১১ দলীয় ঐক্য। তিনি এটাও বলেন, ‘জুলাই বিপ্লবে রাজপথে গড়ে ওঠা ঐক্য বাংলাদেশের রক্ষাকবচ। সরকার ঐক্যের প্রয়োজন অনুভব করছে। তবে, এই ঐক্যের ভিত হতে হবে জুলাই সনদ, গণভোটের রায় এবং জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন।’

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ঐক্যের ডাকের বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেন, ‘সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে এনসিপি অংশগ্রহণ করবে। প্রধানমন্ত্রী সংসদে যে ঐক্যের কথা বলেছেন, সেটাকে আমরা ইতিবাচকভাবে দেখি। কিন্তু, সেই ঐক্যের ভিত্তিটা কী হবে? জুলাই গণহত্যার বিচারের কার্যক্রমটা কতদূর পর্যন্ত যাবে, আওয়ামী লীগকে নানাভাবে নরমালাইজ করা বা তাদের পুনর্মিলনের যে আলাপ বিভিন্ন জায়গা থেকে পাওয়া গেছে, সেই জায়গাগুলোতে সরকারের বক্তব্য কী হবে, সংস্কারের যে এজেন্ডাগুলো বাংলাদেশের মানুষ গণভোটের মধ্য দিয়ে দিয়েছিল, সেই জায়াগাগুলো কোথায় পর্যবসিত হবে এবং সামগ্রিকভাবে এই ঐক্যের ধারাবাহিকতা থাকবে কিনা—এসব বিষয় সরকারের পক্ষ থেকে পরিষ্কার হওয়া প্রয়োজন।’ তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আছে। সেটাকে রাজপথে আরো সক্রিয় ও পুনর্বিন্যস্ত করতে হলে অবশ্যই সরকারের পক্ষ থেকে এই প্রশ্নগুলোর সুরাহা হতে হবে।

বিএনপি মাঠে, আজ নামছে জামায়াত, এনসিপির কর্মসূচি শুরু সোমবার থেকে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে সন্ত্রাস-নৈরাজ্য মোকাবিলায় ইতিমধ্যেই মাঠে সক্রিয় ক্ষমতাসীন বিএনপি। দলটি রাজধানীসহ প্রায় সারা দেশেই বিক্ষোভ মিছিল করছে। অন্যদিকে, পৃথক কর্মসূচি ঘোষণা করে আজ শনিবার রাজপথে নামছে জামায়াত। এনসিপিও সোমবার থেকে মাঠে নামছে। বিরোধী জোটের শরিক বাংলাদেশ খেলাফত মজলিসও কর্মসূচির ডাক দিয়েছে। সংলাপ কিংবা সিদ্ধান্তের মধ্য দিয়ে সরকার ও বিরোধী জোট একমঞ্চে আসার আগ পর্যন্ত আপাতত পৃথক কর্মসূচি দিয়ে সবাই যার যার মতো মাঠে থাকবে।

দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিজয়ের মাস উপলক্ষ্যে বৃহস্পতিবার ৪০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। দলটি জানিয়েছে, আজ শনিবার থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ঢাকাসহ সারা দেশে সমাবেশ, মিছিল, আলোচনাসভা ও সামাজিক কার্যক্রম পরিচালনা করবে তারা।

জামায়াত ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে সন্ত্রাস-নাশকতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে আজ বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ ও মিছিল; ২৫ নভেম্বর একই দাবিতে ঢাকা ছাড়া দেশের ১১টি মহানগরীতে সমাবেশ ও মিছিল এবং ৩০ নভেম্বর আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে দেশব্যাপী উপজেলা ও থানা সদরে সমাবেশ-মিছিল। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘ফ্যাসিবাদকে মাঠেও দাঁড়াতে দেব না। জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদ প্রতিহত করার প্রস্তুতি নিচ্ছে জামায়াত। তবে, আন্দোলন হবে নিয়মতান্ত্রিক। আমরা কোনো সহিংসতার পথ উন্মুক্ত করতে চাই না।’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে মাঠে নামার ঘোষণা দিয়েছে এনসিপি। আগামী সোমবার থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত রাজধানীসহ দেশের সব জেলা ও মহানগরে ধারাবাহিক বিক্ষোভ ও প্রতিবাদ সভা করবে দলটি। দলীয় কর্মসূচির পাশাপাশি জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের কর্মসূচিতেও অংশ নেবেন এনসিপির নেতা-কর্মীরা।